প্রকাশ: শুক্রবার, ২ মে, ২০২৫, ১২:০৯ AM

গজারিয়া থানার গজারিয়া ইউনিয়নের গুচ্ছগ্রাম সংলগ্ন মেঘনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ ইমাম হোসেন নয়নের (২৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ছয়টায় লাশ উদ্ধার করা হয়।
গজারিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ সরজিত কুমার মোবাইল ফোনে তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, নারায়ণগঞ্জের ফতুল্লা থানার জামতলা এলাকার বাসিন্দা জাকির হোসেনের ছেলে ইমাম হোসেন নয়ন আজ দুপুরে বন্ধুদের সাথে মেঘনা নদীতে নৌভ্রমণে এসে গোসলে নেমে তলিয়ে যায়। নয়ন সাঁতার কাটতে জানতো বলে জানিয়েছে তার বন্ধুরা।
খবর পেয়ে নৌ পুলিশ ও ফায়ার সার্ভিস দল অনুসন্ধান করে লাশ উদ্ধার করে।
নয়নের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
স্বদেশ প্রতিদিন/এনআর