প্রকাশ: শুক্রবার, ২ মে, ২০২৫, ১২:১৩ AM

নারী সংস্কার কমিশনের প্রস্তাবনাকে ‘চরম ধৃষ্টতাপূর্ণ’ এবং ‘ইসলামবিরোধী’ বলে অভিহিত করেছেন খেলাফত মজলিসের মহাসচিব ও হেফাজতে ইসলামের শীর্ষ নেতা মাওলানা মামুনুল হক। বৃহস্পতিবার একটি বেসরকারি টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
মামুনুল হক বলেন, “নারী সংস্কার কমিশনের প্রতিবেদন আমরা আগাগোড়া পর্যবেক্ষণ করেছি। এতে ইসলামি মূল্যবোধ ও কোরআনের শিক্ষার সঙ্গে সরাসরি সংঘর্ষ রয়েছে। তাই আমরা এই প্রস্তাবনার সম্পূর্ণ প্রত্যাখ্যান করছি। একইসঙ্গে কমিশনটিকে বাতিলেরও জোর দাবি জানাচ্ছি।”
তিনি আরও অভিযোগ করেন, “এই প্রস্তাবনার মাধ্যমে পরিবারভিত্তিক সমাজব্যবস্থাকে ভেঙে পাশ্চাত্যের সংস্কৃতি চাপিয়ে দেওয়ার অপচেষ্টা চালানো হচ্ছে। এমনকি সমকামিতাকে বৈধতা দেওয়ার ইঙ্গিতও রয়েছে এতে।”
নারী ও পুরুষের মধ্যে উত্তরাধিকার সম্পত্তি বণ্টনে সমানাধিকারের প্রস্তাবনার বিরোধিতা করে মামুনুল হক বলেন, “ইসলামে সম্পদের মালিকানা নির্ধারিত হয় ভরপোষণের দায়িত্ব ও পারিবারিক কাঠামোর ভিত্তিতে। তাই কোরআনের সুস্পষ্ট বিধানকে পাশ কাটিয়ে এমন প্রস্তাব দেওয়া ধর্মীয় বিধান লঙ্ঘনের শামিল।”
সব ধর্মাবলম্বীদের জন্য অভিন্ন বিবাহ আইন প্রস্তাব করার বিষয়েও তিনি আপত্তি জানিয়ে বলেন, “বিবাহ একটি ধর্মীয় বিষয়। এটি রাষ্ট্রীয়ভাবে নির্ধারণযোগ্য নয়। ইসলামে বিবাহ ও তালাকের ব্যাপারে কোরআনে পরিষ্কার নির্দেশনা রয়েছে।”
তিনি জানান, নারী সংস্কার কমিশনের প্রস্তাব প্রত্যাখ্যান এবং কমিশন বাতিলসহ চার দফা দাবিতে হেফাজতে ইসলাম আগামী ৩ মে, শনিবার সকাল ৯টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের ডাক দিয়েছে। এতে দেশের সকল ইসলামপন্থী দল ও সংগঠন অংশ নেবে বলেও জানান তিনি।
স্বদেশ প্রতিদিন/এনআর