প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ২:৫৩ পিএম

পটুয়াখালীর জনপ্রিয় পর্যটন কেন্দ্র লেবুখালী পায়রা সেতুতে ঘুরতে আসা তরুণ-তরুণীদের ভয়ভীতি দেখিয়ে হেনস্তা ও টাকা আদায়ের অভিযোগ উঠেছে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে সেতু এলাকায় ১৫ থেকে ১৬ জনের একটি সংঘবদ্ধ কিশোর দল এ ঘটনা ঘটায় বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় ঘটনায় বাধা দেওয়া ও ছবি তোলার চেষ্টা করায় এক স্থানীয় সাংবাদিককেও কিশোর চক্রটির সদস্যরা ধাওয়া দেয় বলে জানা গেছে।
ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বেলা ১২টার দিকে সুবিদখালী এলাকা থেকে আসা মোহাম্মদ আসাদ (২১) নামে এক তরুণ তার এক সঙ্গীকে নিয়ে পায়রা সেতুতে ঘুরতে যান। সেতুর ওপর অবস্থানকালে ১৫ থেকে ১৬ জনের একদল কিশোর তাদের ঘিরে ধরে। এ সময় কিশোররা দাবি করে, সেতু এলাকায় ঘুরতে এলে সবাইকে টাকা দিতে হয়। এমনকি সেনাবাহিনীর সদস্যদের কাছ থেকেও তারা টাকা নেয় বলে দাবি করে চক্রটি।
অভিযোগ অনুযায়ী, টাকা না দিলে ব্রিজের নিচে নিয়ে কান ধরে উঠবস করানোর হুমকি দেওয়া হয়। একপর্যায়ে বাধ্য হয়ে আসাদ তার কাছে থাকা ২০০ টাকা তাদের দেন। ভুক্তভোগী অভিযোগ করেন, রায়হান শরীফ নামের এক কিশোর তাকে সবচেয়ে বেশি হেনস্তা করেছে।
ঘটনাস্থল অতিক্রম করার সময় এক সাংবাদিক বিষয়টি প্রত্যক্ষ করেন। তিনি মোটরসাইকেল থামিয়ে তরুণ-তরুণীদের আকস্মিকভাবে ঘিরে ধরার কারণ জানতে চান। এ সময় কিশোররা তাকে দ্রুত সেখান থেকে চলে যেতে বলে। সাংবাদিক দূর থেকে ঘটনার ছবি তোলার চেষ্টা করলে কিশোর দলটি তাকে ধাওয়া করে। পরে তিনি নিরাপদ স্থানে গিয়ে জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে বিষয়টি জানান।
৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে দুমকি থানা পুলিশের এসআই সুমনের নেতৃত্বে একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কিশোর গ্যাংয়ের সদস্যরা সেখান থেকে চলে যায়। পরে পুলিশ ভুক্তভোগী আসাদ ও তার সঙ্গীর কাছ থেকে ঘটনার বিস্তারিত শোনে এবং প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পায় বলে জানায়।
দুমকি থানা পুলিশ জানায়, পায়রা সেতু এলাকায় এ ধরনের চাঁদাবাজির তথ্য তাদের কাছে আগে ছিল না। তবে ঘটনার সত্যতা পাওয়া গেছে। জড়িত কিশোর গ্যাংয়ের সদস্যদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পায়রা সেতু পটুয়াখালীর অন্যতম প্রধান দর্শনীয় স্থান হওয়ায় প্রতিদিন সেখানে বহু দর্শনার্থীর সমাগম ঘটে। জনাকীর্ণ এমন একটি পর্যটনকেন্দ্রে দিনদুপুরে ভয়ভীতি দেখিয়ে টাকা আদায় ও সাংবাদিককে ধাওয়ার ঘটনায় দর্শনার্থী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। অপরাধীদের দ্রুত গ্রেপ্তার এবং সেতু এলাকায় নিয়মিত পুলিশি টহল ও নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।
স্বদেশ প্রতিদিন/এস পি