প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ১২:৫৪ পিএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় ভুটভুটি উল্টে বাবা-ছেলেসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও সাতজন গুরুতর আহত হয়েছেন।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কানসাট ইউনিয়নের কানসাট-গোমস্তাপুর সড়কের বুড়িপুকুর (পুসকুনি) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন পুলিশ মাইল ঝাবু বাজার এলাকার মৃত নবাবজানের ছেলে আয়েস উদ্দিন (৭০) ও তাঁর ছেলে শরিফুল ইসলাম (৪৪)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোনাইচণ্ডী হাট থেকে ভুটভুটিতে করে বাড়ি ফেরার পথে কানসাট-গোমস্তাপুর সড়কের বুড়িপুকুর (পুসকুনি) এলাকায় চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় ভুটভুটিটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই আয়েস উদ্দিন মারা যান। ভুটভুটিতে থাকা আরও আটজন গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে আয়েস উদ্দিনের ছেলে শরিফুল ইসলামকে মৃত ঘোষণা করেন।
আহতদের মধ্যে আবু সাঈদ (৩৬), মো. মধু (৬০), মো. আব্দুল হাকিম (৫৫), মো. জব্দুল হক (৪০), মো. হেলাল উদ্দিন (৫৫), মো. কাজেম আলী (৪৭) ও মো. আব্দুল হামিদ চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. আনেসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
স্বদেশ প্রতিদিন/এস পি