প্রকাশ: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ৯:৫২ পিএম

জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান চলাকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ইশতিয়াক আহমদ গ্রেপ্তার হয়েছেন।
গত রবিবার (২৭ এপ্রিল) তাকে রাঙামাটি থেকে গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) তাকে ট্রাইব্যুনালে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এ বিষয়ে ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তারা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইশতিয়াক স্বীকার করেছেন যে তৎকালীন সিটিটিসি প্রধানের সরাসরি নির্দেশে তিনি জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় ড্রোন ব্যবহার করে নজরদারি ও ভিডিও ধারণ করেন। পরবর্তীতে সেই ভিডিও মুছে ফেলার নির্দেশ এলে তিনি তা পালন করেন বলেও স্বীকারোক্তি দিয়েছেন।
প্রসিকিউশনের মতে, ড্রোন ফুটেজ গোপন করা এবং তা মুছে ফেলা গুরুতর অপরাধ।
ট্রাইব্যুনালের তদন্তকারী একজন কর্মকর্তা গণমাধ্যমকে জানান 'এডিসি ইশতিয়াক দুইজন সাধারণ নাগরিককে চিহ্নিত করেছেন, যারা ড্রোন পরিচালনায় সক্রিয়ভাবে যুক্ত ছিলেন, ওই দুজন সরকারি নিয়োগপ্রাপ্ত বা অনুমোদিত কেউ না হলেও নিয়মিত ড্রোন ফুটেজ সরবরাহ করতেন। তাদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুকেও তদন্তের আওতায় আনা হয়েছে'।
এর আগে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুলিশ কর্মকর্তা ইশতিয়াকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে পুলিশের মহাপরিদর্শককে তাকে গ্রেপ্তারের নির্দেশ দেন।
এডিসি ইশতিয়াক বেতবুনিয়ায় পুলিশ স্পেশালাইজড ট্রেনিং স্কুলে অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) হিসেবে কর্মরত ছিলেন।
স্বদেশ প্রতিদিন/এনআর