প্রকাশ: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ৯:৫৯ পিএম আপডেট: ২৯.০৪.২০২৫ ১০:১৪ PM

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ড. এম এ কাইয়ুম বলেছেন, গত ১৭ বছর স্বৈরাচার শাসক শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনের বাতি জ্বালিয়ে রেখেছিলন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর এ কারণে জুলাই-আগষ্টে ছাত্রজনতার আন্দোলন সহজ হয়েছে। ৫ আগষ্ট ছাত্রজনতার আন্দোলনের মুখে স্বৈরাচারিনী শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে গেছে। তাই আন্দোলনের বাতি জ্বালিয়ে রাখা বিএনপি জনগণের কাছে আরো জনপ্রিয় হয়ে উঠেছে। এ নিয়ে কোনো ষড়যন্ত্র কাজে আসবে না।
আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে ঢাকা ১১ আসনের বাড্ডা থানার ৬ টি ওয়ার্ডকে সমন্বয় করে কেন্দ্রভিত্তিক কমিটি গঠনে নির্দেশনামূলক বক্তব্যে তিনি এসব কথা বলেন। গুলশানের একটি হলরুমে এই আয়োজন করা হয়।
নেতাকর্মীদের উদ্দেশ্যে এম এ কাইউম বলেন, ধৈর্য্যহারা হবেন না। সময় এসেছে, আপনাদের মূল্যায়ন করা হবে। তবে, নিজেদের মধ্যে ভেদাভেদ তৈরি করা যাবে না। কাদাঁ ছোড়াছুড়ি করা যাবে না। আন্দোলন সংগ্রামে যারা মাঠে ছিলেন, তাদের ত্যাগকে মূল্যায়ন করে পদায়ন করা হবে। এক্ষেত্রে সিনিয়রদেরকেও যথাযথ পদে পদায়ন করা হবে।
ছাত্রদের নতুন দল গঠন প্রসঙ্গ তিনি বলেন, যে কেউ নতুন দল গঠন করতে পারে। রাজনীতি করতে পারে। এতে কোনো বাধা নেই। কিন্তু দল গঠনের নামে কিংস পার্টি গঠন করা হয়, আর আগামী দিনের নির্বাচনে শেখ হাসিনার মত মানুষের ভোটের অধিকার নিয়ে যদি কোনো ষড়যন্ত্র করা হয় তাহলে বিএনপি নেতাকর্মীরা বাংলার জমিনে তা সফল হতে দেবে না।
এ সময় আরো উপস্থিত ছিলেন মহানগর বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সদস্যসচিব এ জি এম শামছুল হক, নগরের যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান, তহিরুল ইসলাম তুহিন, সদস্য জাহাঙ্গীর মোল্লা, ভিপি শাহীন, সোহেল ভুইঞা।
সভায় সভাপতিত্ব করেন বাড্ডা থানার ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুল কাদের বাবু এবং সঞ্চালনা করেন এমদাদুল হক এমদাদ।
স্বদেশ প্রতিদিন/এনআর