
বাংলা নববর্ষ ১৪৩২ উদ্যাপন উপলক্ষে মালয়েশিয়ার কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠিত হলো দিনব্যাপী জমকালো বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আয়োজনটি করেছে বাংলাদেশি এক্সপ্যাটস ইন মালয়েশিয়া (বিডিএক্সপ্যাটস)।
মেলার প্রধান অতিথি হিসেবে সস্ত্রীক উপস্থিত ছিলেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের মান্যবর হাইকমিশনার মো. শামীম আহসান। সেই সাথে উপস্থিত ছিলেন হাইকমিশনের অন্যান্য কর্মকর্তারা ও তাদের পরিবারবর্গ।
সকাল ১১টায় শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে মেলার আনুষ্ঠানিক সূচনা হয়। রাত সাড়ে ১১টা পর্যন্ত চলা আয়োজনে স্থান পায় বর্ণিল সাংস্কৃতিক পরিবেশনা, প্রতিযোগিতা ও নানা বিনোদনমূলক কার্যক্রম।

মালয়েশিয়ার বিভিন্ন রাজ্য থেকে আগত প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মেলা পরিণত হয় এক উৎসবমুখর প্রবাসী মিলনমেলায়। বিকেলের মধ্যেই দর্শনার্থীদের ভিড়ে প্রাঙ্গণ উপচে পড়ে।
আয়োজক কমিটির পক্ষ থেকে হাইকমিশনার ও অন্যান্য অতিথিদের সংবর্ধনা জানানো হয়। আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন বিডিএক্সপ্যাটস-এর সহ-প্রতিষ্ঠাতা মুহাম্মদ মুশফিকুর রহমান রিয়াজ, কার্যনির্বাহী সদস্য ড. মোহাম্মদ আলী তারেক, পাভেল সারওয়ার, ডা. তানিয়া ইসলাম, সুমাইয়া জাফরিন চৌধুরী প্রমুখ। তাঁরা অতিথিদের সাথে মেলার স্টলসমূহ পরিদর্শন করেন।
আনুষ্ঠানিক উদ্বোধনী পর্ব পরিচালনা করেন মেলা কমিটির আহ্বায়ক অসীম সাহা রায় ও সদস্য সুমাইয়া জাফরিন চৌধুরী। মেলার উদ্বোধন করেন হাইকমিশনার মো. শামীম আহসান এবং সেইসাথে ‘প্রবাসের খেরোখাতা’ শিরোনামে একটি স্মরণিকার মোড়ক উন্মোচন করেন।
মেলার সার্বিক উপস্থাপনা ও সমন্বয়ে ছিলেন অসীম সাহা রায় এবং ড. মারজিয়া জান্নাত মহুয়া।

দিনব্যাপী মেলায় অনুষ্ঠিত হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিস্কুট দৌড় ও বল পাসিং, কাপল গেমস, সংগীত, নৃত্য ও কবিতা আবৃত্তি, চিঠি পাঠ প্রতিযোগিতা। প্রায় ৫ হাজার প্রবাসী বাংলাদেশি এই আয়োজনে অংশ নেন।
প্রধান পৃষ্ঠপোষক ছিল সিবিএল মানি ট্রান্সফার (সিটি ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান)। তাদের র্যাফেল ড্র-তে তিনটি রিটার্ন কাপল টিকিট প্রদান করা হয়। র্যাফেল ড্র-তে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী মো. সাঈদুর রহমান ফারাজী।
মেলায় টাইটেল স্পনসর হিসেবে ছিল বাংলাদেশের সিটি ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান সিবিএল মানি ট্রান্সফার। প্রতিষ্ঠানটি আয়োজিত র্যাফেল ড্র-তে তিনটি রিটার্ন কাপল টিকিট প্রদান করে। র্যাফেল ড্র-তে সিবিএল মানি ট্র্যান্সফারের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সাঈদুর রহমান ফারাজী উপস্থিত ছিলেন।

অন্যান্য স্পন্সরদের মধ্যে ছিলেন ব্রাইটন ইন্টারন্যাশনাল স্কুল, এনবিএল মানি ট্রান্সফার, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সানওয়ে মেডিকেল সেন্টার, ই-স্মার্টওয়ে এসডিএন বিএইচডি , এনবিএল মানি ট্রান্সফার, মেডিলিংক গ্লোবাল (মালয়েশিয়া) এসডিএন বিএইচডি এবং জেএমজি কার্গো অ্যান্ড লজিস্টিক সার্ভিসেস এসডিএন বিএইচডি।
মেলায় ফুড পার্টনার ছিল ভিআইপি পিঠা ঘর, প্রিন্টিং পার্টনার স্মার্ট ডিজাইন অ্যান্ড প্রিন্টিং সল্যুশন, গ্রাফিক্স ডিজাইন সহযোগী হিসেবে ছিল ব্র্যান্ড ডেভেলপার আরিফুল ইসলাম এবং কমিউনিটি পার্টনার হিসেবে যুক্ত ছিল বাংলাদেশি স্টুডেন্টস অর্গানাইজেশন মালয়েশিয়া (BSOM) এবং ফটোগ্রাফি পার্টনার ছিল ক্লিকস অব শাওন।
স্বদেশ প্রতিদিন/এমএম