প্রকাশ: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ৪:৩৯ পিএম

ছয় দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে রূপরেখা প্রণয়ন না হওয়া পর্যন্ত সারাদেশের সব পলিটেকনিক ইনস্টিটিউট একযোগে ‘শাটডাউন’ কর্মসূচি চলবে বলে জানিয়েছে ‘কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ’।
মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে ‘একযোগে সকল পলিটেকনিকে শাট ডাউন কর্মসূচি পালন’-এর বিষয়ে সংবাদ সম্মেলনে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় প্রতিনিধি মো. মাশফিক ইসলাম এ ঘোষণা দেন।
তিনি বলেন, আমাদের দাবি কীভাবে বাস্তবায়ন হবে তাও জানতে পারছি না, এই কমিটি দ্রুত কাজ করছে না। এই প্রেক্ষিতে আমরা আজকে সারাদেশের সব পলিটেকনিক ইনস্টিটিউট একযোগে ‘শাটডাউন’ কর্মসূচি পালন করেছি। আমাদের দাবি আদায়ের রূপরেখা প্রণয়ন না হওয়া পর্যন্ত সারাদেশের সব পলিটেকনিক ইনস্টিটিউট একযোগে এভাবে ‘শাটডাউন’ থাকবে। একইভাবে সব পলিটেকনিকের একাডেমিক ভবন, প্রশাসনিক ভবনসহ সব কার্যক্রম ক্যাম্পাসে বন্ধ থাকবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় প্রতিনিধি শাহাদাত আহমেদ, কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় প্রতিনিধি জুবায়ের পাটোয়ারী প্রমুখ।
স্বদেশ প্রতিদিন/এনআর