প্রকাশ: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ১১:১৭ AM

ভারত যদি পাকিস্তানের ওপর হামলা চালায়, তবে দুই প্রতিবেশী পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে তা ‘সর্বাত্মক যুদ্ধ’-এর রূপ নিতে পারে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।
বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজ–কে দেওয়া এক সাক্ষাৎকারে খাজা আসিফ বলেন, “যদি কোনো হামলা হয়, তবে সেটি অবশ্যই একটি পূর্ণাঙ্গ যুদ্ধের সূচনা ঘটাবে।”
সম্প্রতি ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে একটি সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত পাকিস্তানকে দায়ী করে। তবে সেই অভিযোগ অস্বীকার করে আসিফ বলেন, “এই অভিযোগ ভিত্তিহীন। পুরো বিষয়টিই পাকিস্তানের বিরুদ্ধে সংকট তৈরির উদ্দেশ্যে সাজানো হয়েছে।”
কাশ্মীরের হামলার দায় স্বীকার করেছে ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (TRF) নামে একটি অজানা গোষ্ঠী। খাজা আসিফ এ সংগঠনের নামকে নতুন ও অপরিচিত দাবি করে বলেন, “এই গোষ্ঠীর নাম আমরা আগে কখনো শুনিনি।”
‘লস্কর-ই-তৈয়বা’র সম্পৃক্ততা সম্পর্কে তিনি বলেন, “লস্কর-ই-তৈয়বা এখন আর সক্রিয় নয়। সংগঠনটি বিলুপ্ত হয়ে গেছে, তাই তাদের কোনো শাখা সংগঠনের অস্তিত্ব থাকার প্রশ্নই আসে না।”
২০১৯ সালের পুলওয়ামা হামলা ও বালাকোট অভিযানের প্রসঙ্গ টেনে আসিফ সেগুলোকেও ‘ফলস ফ্ল্যাগ অপারেশন’ হিসেবে আখ্যা দেন। তার দাবি, “এগুলো পাকিস্তানের বিরুদ্ধে আগ্রাসন বৈধ করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে সাজানো হয়েছিল।”
তিনি আরও বলেন, “যদি ভারত আমাদের আক্রমণ করে, আমরা সমানভাবে জবাব দেব। পাকিস্তান ভারতের যেকোনো ধরনের আক্রমণের জন্য সম্পূর্ণ প্রস্তুত।”
তবে যুদ্ধের হুঁশিয়ারির পাশাপাশি সংলাপের পক্ষেও মত দেন প্রতিরক্ষামন্ত্রী। তার ভাষায়, “এই বিরোধের শান্তিপূর্ণ সমাধান হওয়া উচিত। আলোচনা ছাড়া কোনো টেকসই পথ নেই।”
স্বদেশ প্রতিদিন/এনআর