প্রকাশ: শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫, ৮:১৮ পিএম

ভয়াবহ দাবানলে একসাথে পুড়ছে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্র দখলদার ইসরায়েল।
প্রচণ্ড তাপমাত্রা ও তীব্র বাতাসের কারণে ইসরায়েলের দাবানল নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বলে সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে। এর ফলে কর্তৃপক্ষ সরিয়ে নিয়েছে রাজধানী জেরুজালেমের নিকটবর্তী একাধিক শহর থেকে বাসিন্দাদের। সেই সাথে জারি করেছে জরুরি সতর্কতা।
দেশটির আবহাওয়া অধিদফতর পূর্বাভাসে জানিয়েছে, দাবানলের প্রেক্ষিতে আগামী কয়েকদিন তাপমাত্রা আরো বাড়বে এবং পরিস্থিতি আরো জটিল হতে পারে।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, মঙ্গলবার ( ২২ এপ্রিল) থেকে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির পাইনল্যান্ডস এলাকায় শুরু হওয়া ভয়াবহ দাবানলে এরই মধ্যে বনভূমি পুড়ে গেছে ১১ হাজার ৫০০ একরের বেশি। কর্মকর্তারা জানিয়েছেন, গত ২০ বছরের মধ্যে রাজ্যটিতে হওয়া সবচেয়ে বড় দাবানলে পরিণত হতে পারে এটি।
উল্লেখ্য, বুধবার (২৩ এপ্রিল) প্রথমে মোশাভ তারুমের কাছে শুরু হয় দাবানল। এরপর প্রচণ্ড গরম ও বাতাসের কারণে দ্রুতই এ দুর্যোগ ইত শেমেশ, এশতাওল, বেইত মেইর ও মেসিলাত জিওনসহ আশে-পাশের শহরগুলোতে ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে রাজধানীর গুরুত্বপূর্ণ রুট ৩৮ বন্ধ করে দিয়েছে ইসরায়েলি পুলিশ।
এছাড়াও দাবানল নেভাতে সারাদেশ থেকে ১০০ জনেরও বেশি দমকল কর্মী মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের জাতীয় অগ্নিনির্বাপণ ও উদ্ধার কর্তৃপক্ষ। সেই সাথে ১১টি অগ্নিনির্বাপক বিমান, একটি হেলিকপ্টার এবং ইসরায়েলি বিমান বাহিনী ও ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) সদস্যরাও আগুন নেভানোর কাজে যুক্ত হয়েছেন।
জানা গিয়েছে, ছয়টি জেলার ফায়ার সার্ভিসের সদস্যরা একযোগে কাজ করছেন। বেইত শেমেশের উত্তরে কাজ করছে প্রায় ১১০টি অগ্নিনির্বাপক দল। জেরুজালেম পাহাড় অঞ্চলে আগুন নেভাতে গিয়ে অন্তত তিনজন দমকল কর্মী আহত হয়েছেন।
সূত্র: আনাদোলু এজেন্সি, টাইমস অব ইসরায়েল, হারেৎজ, জেরুজালেম পোস্ট
স্বদেশ প্রতিদিন/আইজেপি