প্রকাশ: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫, ৫:৫৯ পিএম

চলমান আন্দোলনের মুখে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ৩৭ জন শিক্ষার্থীর সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। একইসঙ্গে শিক্ষার্থীদের জন্য হলগুলো খুলে দেওয়া হয়েছে।
আজ বুধবার (২৩ এপ্রিল) দুপুরে কুয়েটের সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়, যখন শিক্ষার্থীরা উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে আমরণ অনশনে ছিলেন।
উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি, কুয়েট ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থী ও বহিরাগতদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর ছয় দফা দাবিতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাস ও হল বন্ধ ঘোষণা করে এবং ৩৭ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করে।
ঘটনার জেরে একজন বহিরাগত ব্যক্তির করা মামলায় ২২ শিক্ষার্থীকে আসামি করা হয়।
১৩ এপ্রিল, শিক্ষার্থীরা পুনরায় হল খুলে দেওয়ার দাবিতে আন্দোলন শুরু করেন। প্রশাসনের পক্ষ থেকে প্রতিক্রিয়া না আসায় ২২ এপ্রিল বিকেল থেকে তারা আমরণ অনশন শুরু করেন। অনশনে অংশ নেন ৩২ জন শিক্ষার্থী, যাদের মধ্যে ৫ জন ইতোমধ্যে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
এদিকে বিশ্ববিদ্যালয়ের চলমান সংকট তদন্তে মাঠে নেমেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) তিন সদস্যের একটি প্রতিনিধি দল। বুধবার সকাল সাড়ে ১০টায় তারা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
স্বদেশ প্রতিদিন/এমএম