প্রকাশ: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫, ২:২০ পিএম আপডেট: ২৩.০৪.২০২৫ ২:২৯ PM

বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট ম্যাচের চতুর্থ দিনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক কর্মকর্তা মৃত্যুবরণ করেছেন। এতে পুরো স্টেডিয়াম জুড়ে শোকের হাওয়া বয়ে যাচ্ছে।
সিলেটে চলমান বাংলাদেশ-জিম্বাবুয়ে খেলা চলাকালেই মৃত্যুবরণ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নিরাপত্তা সমন্বয়ক মো. ইকরাম চৌধুরী (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ বুধবার (২৩ এপ্রিল) সকালে সিলেট স্টেডিয়ামে চলমান খেলার দায়িত্ব পালন করছিলেন ইকরাম চৌধুরী। খেলা চলাকালীন দায়িত্বরত অবস্থায় হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে দ্রুত সিলেটের আল-হারামাইন হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওয়া হলে সেখানে দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, তার মৃত্যু হয়েছে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হওয়ার কারণে।
এদিকে হাসপাতালেরর চিকিৎসকরাও ধারণা করছেন যে, তিনি হার্ট অ্যাটাকে মৃত্যু বরণ করেছেন।
উল্লেখ্য, ২০০৯ সাল থেকে বিসিবির সঙ্গে যুক্ত ছিলেন মো. ইকরাম চৌধুরী। ২০১৪ সাল থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিকিউরিটি লিয়াজো অফিসারের দায়িত্ব পালন করে আসছিলেন। নিজের কর্তব্যে অত্যন্ত নিষ্ঠাবান এই কর্মকর্তার মৃত্যুতে সিলেটের ক্রীড়া মহলে নেমে এসেছে শোকের ছায়া।
এতে দুঃখ প্রকাশ করেছেন বিসিবি পরিবারের সকল সদস্যরা।
স্বদেশ প্রতিদিন/এমএম