প্রকাশ: মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, ৫:২২ পিএম

বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)কে নিয়ে কটূক্তির অভিযোগে রাজধানীর তেজগাঁও মহাখালী-সাতরাস্তা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কোহিনূর ক্যামিকেল কোম্পানির শ্রমিকরা। কোম্পানিটির এক ঊর্ধ্বতন এক কর্মকর্তার বিরুদ্ধে এ অভিযোগ করেছেন কর্মীরা।
মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর পৌনে ৩টার দিকে তিব্বতের প্রধান সড়কে অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। পরে তারা মহাখালী থেকে সাতরাস্তা পর্যন্ত সড়ক বন্ধ করে দেন। এ সময় বিক্ষোভকারীরা সড়ক ডিভাইডার ভেঙে এবং ট্রাফিক বিভাগের ব্যারিকেড দিয়ে আশপাশের সব রাস্তা বন্ধ করে বিক্ষোভ করতে থাকেন।
তাদের অভিযোগ, কোহিনূর ক্যামিক্যাল কোম্পানির ঊর্ধ্বতন এক কর্মকর্তা রাসুলুল্লাহ (সা.)কে নিয়ে আজেবাজে ও কটূক্তিকর মন্তব্য করেছেন। তার ফাঁসির প্রতিবাদে তারা বিক্ষোভ করছেন।
পুলিশ ও কোহিনূর ক্যামিক্যালের সূত্র জানায়, অভিযুক্ত কোহিনূর ক্যামিক্যালের কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে। এবং তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এসব বিষয় নিশ্চিত করে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. শামীমুর রহমান বলেন, কোহিনূর ক্যামিক্যালের এক কর্মকর্তা রাসুলুল্লাহ (সাঃ)কে নিয়ে কটূক্তি করেছেন অভিযোগ এনে প্রতিষ্ঠানটির শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। তাদের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে বরখাস্ত করা হয়েছে। তবুও তারা সড়ক ছাড়ছেন না। তাদের দাবি অভিযুক্তকে ফাঁসি দিতে হবে।’
স্বদেশ প্রতিদিন/এনআর