প্রকাশ: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৯:১৬ পিএম আপডেট: ২১.০৪.২০২৫ ৯:২২ PM

রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় দায়ের মামলায় তিন আসামির সাতদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (২১ এপ্রিল) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো.ছানাউল্যাহ এ রিমান্ডের আদেশ দেন।
রিমান্ডে যাওয়া আসামিরা হলেন, আল কামাল শেখ (১৯), আলভী হোসেন জুনায়েদ (১৯) এবং আল আমিন সানি (১৯)। তারা বনানী বিদ্যানিকেতনের সাবেক শিক্ষার্থী। তবে কেউই প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নন।
এদিন মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার পরিদর্শক এ কে এম মঈন উদ্দিন আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।
রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ড আবেদনের পক্ষে শুনানি করেন। আসামিপক্ষে আইনজীবী মাহবুবুর রহমান রিমান্ড বাতিলসহ জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত সাতদিনের রিমান্ডের আদেশ দেন।
এর আগে, ভোরে মহাখালীর ওয়ারলেস গেটে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
উল্লেখ্য, শনিবার (১৯ এপ্রিল) বিকেল ৪টার পর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘাত শুরু হয়। এসময় ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের ছুরিকাঘাতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী পারভেজ নিহত হন। তবে পরবর্তীতে ঘটনার তদন্ত করে জানা যায় বহিরাগতদের বুকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে পারভেজকে।
এই হত্যাকাণ্ডের তদন্তকারী কর্মকর্তা (বনানী থানার ওসি অপারেশন) এ কে এম মাইন উদ্দিন জানান, হত্যাকাণ্ডের ঘটনাটি সিসিটিভি পর্যবেক্ষণ করে দেখা গিয়েছে, এই তিনজন সরাসরি পারভেজ হত্যাকাণ্ডে যুক্ত ছিল।
গ্রেপ্তারকৃত এই তিনজন প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহাতি, পিয়াস ও মেরাজের স্কুল বন্ধু। তাদের ডাকেই তারা হত্যাকাণ্ডে যুক্ত হয়। গ্রেপ্তারকৃত এই তিনজনকে ১০ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়।
স্বদেশ প্রতিদিন/আইজেপি