প্রকাশ: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৫:১০ পিএম আপডেট: ২১.০৪.২০২৫ ৫:২৬ PM

জনপ্রিয় দুই ধারাভাষ্যকার হার্শা ভোগলে ও সাইমন ডুলকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) কিছু ম্যাচে নিষিদ্ধ করার প্রস্তাব দেওয়া হয়েছে। এমন চাঞ্চল্যকর পদক্ষেপ নিয়েছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি)।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, ইডেন গার্ডেন্সের পিচ নিয়ে প্রকাশ্য সমালোচনার জেরে এই প্রস্তাব উঠেছে। যদিও পুরো আইপিএল থেকে নয়, কেবল ইডেনে আয়োজিত ম্যাচগুলোতেই তাদের ধারাভাষ্য দেওয়া থেকে বিরত রাখার সুপারিশ করেছে সিএবি।
ঘটনার সূত্রপাত আইপিএলের এক ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) ঘরের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে পরাজয়ের পর। ওই ম্যাচ শেষে কেকেআর অধিনায়ক অজিঙ্ক রাহানে পিচ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তার সুরে সুর মিলিয়েই পিচ কন্ডিশন নিয়ে সমালোচনায় মুখর হন হার্শা ও ডুল।
ডুল বলেন, 'স্টেডিয়ামের জন্য টাকা দেওয়ার পরও যদি পছন্দমতো পিচ না পাওয়া যায়, তাহলে দলগুলো ঘরের মাঠ বদলে ফেলুক। খেলার গুণগত মান নিয়ে মতামত দেওয়া কিউরেটরের কাজ নয়।'
হার্শা ভোগলে মন্তব্য করেন, 'যখন কোনো দল ঘরের মাঠে খেলে, তখন তাদের সুবিধাজনক পিচ পাওয়া উচিত। কেকেআর বোলারদের জন্য নির্দিষ্ট ধরনের পিচ চাচ্ছে, এবং সেটাই স্বাভাবিক। কিউরেটর যদি বলেন তা সম্ভব নয়, তাহলে সেটি গ্রহণযোগ্য নয়।'
তবে বিসিসিআইয়ের নির্ধারিত গাইডলাইনের ভিত্তিতেই পিচ প্রস্তুত করে কিউরেটররা। সিএবির মতে, পিচ প্রস্তুতকারীদের প্রকাশ্যে দায়ী করে এই দুই ধারাভাষ্যকার মূলত বোর্ডকেই অপমান করেছেন। এজন্যই তাদের ইডেনে ধারাভাষ্য থেকে বিরত রাখার প্রস্তাব করা হয়েছে।
এই সিদ্ধান্ত ঘিরে ইতোমধ্যেই শুরু হয়েছে বিতর্ক, পিচ নিয়ে মতামত দেওয়া কি ধারাভাষ্যকারদের পেশাগত দায়িত্বের বাইরে? নাকি সমালোচনার মুখে সংস্থাগুলোর অতিসংবেদনশীল প্রতিক্রিয়া?
স্বদেশ প্রতিদিন/এএএম