প্রকাশ: সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ৮:৫৬ পিএম আপডেট: ১৪.০৪.২০২৫ ৯:০৩ PM

রাজধানীর বাজারে হঠাৎ বাড়ছে পেঁয়াজের দাম। মাত্র তিন দিনের ব্যবধানে কেজিতে বেড়েছে ১৫ টাকা পর্যন্ত। পাইকারিতে দাম বেড়ে যাওয়ায় খুচরা বাজারেও আগুন ছড়াচ্ছে পেঁয়াজের দাম। সামনে দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।
সোমবার (১৪ এপ্রিল) ঢাকার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, বাজার ভেদে হালি পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬৫ টাকা। যেখানে গত শুক্রবারও কেজিপ্রতি ৪০ টাকা ছিল। বাছাই করা ভালো পেঁয়াজ তখন ৪৫ টাকায় বিক্রি হলেও, এখন তা ৬৫ টাকায় বিক্রি হচ্ছে।
ব্যবসায়ীরা বলছেন, ‘দেশি পেঁয়াজের এখন ভরা মৌসুম। কিন্তু হঠাৎ করেই আড়তে পেঁয়াজের সরবরাহ কমে যাওয়ায় পাইকারিতে দাম বেড়ে গেছে। ঢাকায় সব থেকে বেশি পেঁয়াজ আসে ফরিদপুর থেকে। ফরিদপুরে পেঁয়াজের দাম বাড়ায় স্বাভাবিকভাবেই ঢাকার বাজারে তার প্রভাব পড়ছে।’
মালিবাগ হাজীপাড়ায় পেঁয়াজ বিক্রেতা জাহাঙ্গীর বলেন, ‘শুক্রবার ৪০ টাকা কেজি দামে বিক্রি করেছি। কিন্তু পাইকারিতে দফায় দফায় দাম বাড়ায় গতকাল ৪৫ টাকায় বিক্রি করেছি। আজকের কেনা দাম অনুযায়ী ৫০ টাকার নিচে বিক্রি করা সম্ভব না।’
তিনি আরও বলেন, ‘বড় ব্যবসায়ীরা পেঁয়াজ মজুত করছেন, আবার সাধারণ মানুষও ভালো মানের শুকনো পেঁয়াজ বেশি করে কিনছেন। এসব কারণেই চাহিদা বেড়েছে, ফলে দামও বাড়ছে।’
শান্তিনগর বাজারে এক ক্রেতা বলেন, ‘কিছুদিন আগে বাছাই করা পেঁয়াজের কেজি ৪৫ টাকা করে কিনেছি। কিন্তু আজ ৬৫ টাকা কেজি চাচ্ছে। এই কয়দিনে পেঁয়াজার দাম কেজিতে ২০ টাকা বেড়ে গেলো।’
তিনি আরও বলেন, ‘ভরা মৌসুমে পেঁয়াজের দাম এভাবে বাড়বে কেন? আসলে বাজারে এখন মনিটরিং না থাকায় ব্যবসায়ীরা ইচ্ছামতো দাম বাড়িয়ে দিচ্ছেন।’
স্বদেশ প্রতিদিন/টিআর