প্রকাশ: শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ১:২৪ পিএম আপডেট: ১২.০৪.২০২৫ ১:৪৩ PM

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ ‘কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড ২০২৪’-এ বর্ষসেরা ক্রীড়াবিদ হয়েছেন।
শুক্রবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত জমকালো অনুষ্ঠানে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) ১৫টি ক্যাটাগরিতে ১৩ জন ব্যক্তি, দল ও প্রতিষ্ঠানকে পুরস্কৃত করে।
ফুটবল তারকা ঋতু পর্ণা চাকমা ও আর্চার সাগর ইসলামকে পেছনে ফেলে সেরা ক্রীড়াবিদের মুকুট উঠেছে মিরাজের মাথায়। পুরস্কার গ্রহণ করে মিরাজ বলেন, 'বিএসপিএকে ধন্যবাদ প্রতি বছর এমন আয়োজনের জন্য। এটি সব অ্যাথলেটদের জন্য খুব অনুপ্রেরণাদায়ক। এখানে এসে বিভিন্ন খেলার তারকাদের সাথে দেখা হয়, এটা সত্যিই ভালো লাগে।'
এবারের আসরে পপুলার চয়েস অ্যাওয়ার্ড জিতে নিয়েছেন জাতীয় নারী ফুটবল দলের মিডফিল্ডার ঋতু পর্ণা চাকমা। দর্শক ও ভক্তদের ভোটে মিরাজ ও পেসার নাহিদ রানাকে পেছনে ফেলে এই স্বীকৃতি অর্জন করেন তিনি। ভুটানে লিগ খেলতে থাকায় অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারলেও ভিডিও বার্তায় ঋতু বলেন, 'এই সম্মান আমার জন্য বড় পাওয়া। এটি আমাকে সামনে আরও ভালো খেলার অনুপ্রেরণা দেবে।'
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, 'বিএসপিএকে ধন্যবাদ জানাই এমন উদ্যোগের জন্য। এটা দেশের ক্রীড়াঙ্গনে নতুন আশা ও স্বপ্নের জন্ম দেবে।'
১৯৬২ সালে প্রতিষ্ঠিত বিএসপিএ ১৯৬৪ সাল থেকে নিয়মিতভাবে দেশের সেরা ক্রীড়াবিদদের সম্মান জানিয়ে আসছে। এ আয়োজন এখন বাংলাদেশ ক্রীড়াঙ্গনের একটি গর্বিত ঐতিহ্য।
স্বদেশ প্রতিদিন/এনআর