প্রকাশ: শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ১:৪১ পিএম

গুগল ডকস এবার আরও স্মার্ট হচ্ছে। লেখা শুধু পড়া বা সম্পাদনার মধ্যেই সীমাবদ্ধ থাকছে না, এবার থেকে লেখাকে রূপ দেওয়া যাবে অডিও আকারে, তাও আবার কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মাধ্যমে। গুগলের নতুন ফিচার ‘এআই পডকাস্ট’ এর মাধ্যমে ব্যবহারকারীরা গুগল ডকসে থাকা যেকোনো লেখার গুরুত্বপূর্ণ অংশ বা সম্পূর্ণ লেখা এআই কণ্ঠে শুনতে পারবেন।
গুগল সম্প্রতি তাদের ওয়ার্কস্পেস অ্যাপ্লিকেশনগুলোতে বেশ কয়েকটি নতুন জেমিনি ফিচার যোগ করার ঘোষণা দিয়েছে। এরই অংশ হিসেবে ‘এআই পডকাস্ট’ সুবিধাটি যুক্ত হচ্ছে গুগল ডকসে। এতদিন এটি পরীক্ষামূলকভাবে জেমিনি অ্যাপ এবং গবেষণা সহায়ক টুলে সীমিত আকারে ব্যবহৃত হচ্ছিল, এবার তা উন্মুক্ত হচ্ছে সকল ব্যবহারকারীর জন্য।
এআই পডকাস্টের মাধ্যমে গুগল ডকসে থাকা লেখাগুলোকে অডিওরূপে উপস্থাপন করা যাবে, যা তথ্য গ্রহণে নতুন মাত্রা যোগ করবে। ব্যবহারকারীরা চাইলে লেখার সারাংশ বা পুরো লেখাটিই শুনতে পারবেন এআই কণ্ঠে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ওয়ার্কস্পেস ব্যবহারকারীদের জন্য সুবিধাটি চালু হবে বলে জানিয়েছে গুগল।
শুধু এখানেই থেমে নেই গুগল। আরও একটি নতুন ফিচার ‘হেল্প মি রিফাইন’ যোগ হচ্ছে গুগল ডকসে, যা লেখার শব্দচয়ন, বাক্যগঠন ও গঠনশৈলী উন্নত করতে সহায়তা করবে। এটি বিশেষভাবে লেখাকে আরও প্রাঞ্জল ও মানসম্মত করতে সহায়ক হবে।
এই দুই নতুন ফিচার গুগল ডকসকে আরও শক্তিশালী ও ব্যবহারবান্ধব করে তুলবে বলেই ধারণা প্রযুক্তি বিশ্লেষকদের।
স্বদেশ প্রতিদিন/এনআর