প্রকাশ: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ৪:১০ পিএম আপডেট: ০৮.০৪.২০২৫ ৪:১৬ PM

রাজধানীর উত্তরা পশ্চিম থানায় দায়ের করা আবদুল জব্বারকে হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজকে চার দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত।
পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত মঙ্গলবার (৮ এপ্রিল) এ আদেশ দেন। এ সময় দুপুর ১টায় তুরিন আফরোজকে আদালতে হাজির করা হয় এবং পরে ঢাকার সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়।
আদালত-সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, আবদুল জব্বারকে হত্যাচেষ্টার মামলায় তুরিন আফরোজকে সাত দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করে পুলিশ। রাষ্ট্রপক্ষ থেকে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে আবদুল জব্বার গুলিবিদ্ধ হন।
জানা যায়, এর আগে সোমবার ( ৭ এপ্রিল ) রাতে উত্তরার একটি বাসায় অভিযান চালিয়ে তুরিন আফরোজকে গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শেষ দিন ৫ আগস্ট দুপুর ১২ টার দিকে আব্দুল জব্বার উত্তরা পশ্চিম থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওপর বিএনএস সেন্টারের সামনে গুলিবিদ্ধ হন। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন তিনি। গত ২৭ মার্চ উত্তরা পশ্চিম থানায় সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচার হাসিনাসহ ৫০ জনের নাম উল্লেখ করে ১০০ থেকে ১৫০ জনকে অজ্ঞাতনামা মামলাটি দায়ের করেন। এজাহারনামীয় ৩০ নং আসামি তুরিন আফরোজ।
স্বদেশ প্রতিদিন/আইজেপি