প্রকাশ: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ৪:১৬ পিএম

বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে ‘মঙ্গল শোভাযাত্রা’র নাম পরিবর্তন করা হবে কি না, তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে ১০ এপ্রিল। এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)।
মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নববর্ষ উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগামী ১০ এপ্রিল একটি বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানেই মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের বিষয়টি আলোচনা হবে এবং সিদ্ধান্ত নেওয়া হলে তা সভা-পরবর্তী সংবাদ ব্রিফিংয়ে জানানো হবে।’
তবে আজকের বৈঠকে নাম পরিবর্তন নিয়ে কোনো আলোচনা হয়নি বলেও জানান তিনি। কারণ শোভাযাত্রার আয়োজক হিসেবে এই সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়েরই।
এদিকে নববর্ষ উদযাপন ঘিরে নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই বলে আশ্বস্ত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি বলেন, ‘পহেলা বৈশাখ ঘিরে সারাদেশেই শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে উৎসব উদযাপনের প্রস্তুতি চলছে। কোথাও কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। এলাকাভিত্তিক সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় নিয়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।’
সারাদেশজুড়ে নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী ইতোমধ্যেই প্রস্তুত রয়েছে বলে জানান তিনি।
স্বদেশ প্রতিদিন/এমএম