প্রকাশ: রবিবার, ৬ এপ্রিল, ২০২৫, ৫:৫০ পিএম আপডেট: ০৬.০৪.২০২৫ ৭:১০ PM

আওয়ামী লীগ সরকারের আমলে 'আয়নাঘর' নামে কুখ্যাতি পাওয়া গোপন বন্দিশালা নিয়ে যারা তদন্ত করছেন, তাদের হত্যার জন্য সেই বন্দিশালায় আগে থেকেই বোমা রাখা হয়েছিল বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
রবিবার (৬ এপ্রিল) কয়েকটি মামলার শুনানি শেষে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। তিনি জানান, তদন্ত কর্মীরা তিনটি আয়নাঘর খুঁজে পেয়েছেন ও এর তদন্ত করেছেন। তদন্তকাজের সময় সেখানে উপস্থিত ছিলেন তিনি।
তাজুল ইসলাম বলেন, ‘ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা গুমের মামলাগুলো তদন্ত করছে। টিএফআই সেলের নাম উল্লেখ করে তিনি বলেন, ‘সেটির ভিতরে ভূগর্ভস্থ অনেকটা, সেমি ভূগর্ভস্থ সেলগুলো আবিষ্কার করা হয়েছে। যেগুলো ওয়াল তুলে বন্ধ করা হয়েছে। সেই ওয়াল ভাঙতেই দেখা যায়, পুরো গার্বেজ দিয়ে সেটিকে ভরে রাখা হয়েছে। ক্রাইম সিনগুলো বের করতে হয়েছে সেগুলো সরিয়ে।’
তিনি আরো জানান, এই কাজ করতে গিয়ে তিনি নিজে ইনভেস্টিগেশন চলাকালে উপস্থিত ছিলেন।
তাজুল বলেন, ‘আমরা যখন না বুঝে..., সেখানে টাইমার দিয়ে বোমাগুলো সেট করা ছিল। এতে বোঝা যায় যে যারা এই ইনভেস্টিগেশন করতে গিয়েছে, তাদের হত্যা করারও চেষ্টা করা হয়েছে।’
পরবর্তীতে এ বিষয়ে তাজুল ইসলামকে প্রশ্ন করা হলে তিনি এ বিষয়ে আর মন্তব্য করতে চান না বলে জানান। তিনি বলেন, ‘সময় হলে জানতে পারবেন।’
মানবতাবিরোধী অপরাধের তদন্ত সময় সাপেক্ষ বিষয় উল্লেখ করে তাজুল ইসলাম বলেন, ‘এই ট্রাইব্যুনাল যখন আগের রেজিমের সময় ছিল, তখন প্রথম তদন্ত প্রতিবেদন জমা দিতে সময় নিয়েছে ১৬ মাস। আশা করা যাচ্ছে এ মাসের মধ্যে অন্তত দুটি মামলার ফরমাল চার্জ হয়তো দাখিল করা সম্ভব হবে।’
স্বদেশ প্রতিদিন/আইজেপি