প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫, ৪:৩১ পিএম আপডেট: ২৭.০৩.২০২৫ ৪:৪২ PM

২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়া ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নির্বাচনের ফলাফল বাতিল করেছেন আদালত। একইসাথে নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে রায় ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনি ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম এ রায় দেন।
আদেশে নৌকা প্রতীক নিয়ে ডিএসসিসির সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসকে মেয়র হিসেবে সরকারের গেজেট বাতিল করা হয়। একইসাথে ধানের শীষ প্রতীকের প্রার্থী ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা দেন।
রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন ইশরাক হোসেন। এ সময় আদালত চত্বরে উপস্থিত সাংবাদিকদের উদ্দ্যেশে ইশরাক হোসেন বলেন, ‘আমরা ন্যায়বিচার পেয়েছি, এটা হলো মূল বিজয়। আমি মেয়র হতে পারব কি না বা শপথ নেব কি না, সেটা সম্পূর্ণ দলীয় বিষয়।’
তিনি আরও বলেন, বাংলাদেশে ন্যায়বিচার ফিরে আসুক। ফ্যাসিবাদী হাসিনা সরকার পতনের পর সাধারণ মানুষ যে ন্যায়বিচার পায়, সেটার ধারা শুরু হচ্ছে বা শুরু হয়েছে। এই ধারাটা অব্যাহত থাকুক। বাংলাদেশের সর্বস্তরে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা আমাদের মূল উদ্দেশ্য।
উল্লেখ্য, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম উত্তরে ও ফজলে নূর তাপস দক্ষিণের মেয়র নির্বাচিত হন। নির্বাচন কমিশন ২ ফেব্রুয়ারি ভোটের গেজেট প্রকাশ করেন। তারা শপথ গ্রহণ করে দায়িত্ব পালন করে আসছিলেন। শেখ হাসিনা সরকারের পতনের পর তাদের মেয়র পদ থেকে বহিষ্কার করা হয়।
স্বদেশ প্রতিদিন/কেএইচ