শনিবার ● ২৪ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● ব্যাডমিন্টনকে দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দিতে কাজ করছি: সহ-সভাপতি নাজমুল হাসান      ● দমন নয়, তরুণদের ক্ষোভের কারণ খুঁজতে হবে      ● সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক      ● তিতাসে অসহায় বৃদ্ধা মজিদা খাতুনকে মারধর করে ঘরছাড়া করলেন আপন ছেলে-বউ      ● জবির দ্বিতীয় সমাবর্তনের ফি কমানোর দাবি ছাত্রদলের      ● চৌদ্দগ্রামে ৩৮ লাখ ৮৭ হাজার টাকার ভারতীয় শাড়ি আটক      ● মাদ্রাসায় যৌন নির্যাতন বন্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি ধর্মমন্ত্রীর      ● বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, নাম হতে পারে ‘অর্ণব’      ● রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা ও মালামাল ক্রোক: ডিএসসিসি প্রশাসক      ● পলাশ উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ১৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত      ● গাজীপুরে গার্মেন্টসের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট      ● শিবপুরে পিকআপ-সিএনজি মুখোমুখি সংঘর্ষে চালকসহ আহত ৫      
হুতিদের হামলার জন্য ইরানকে দায়ী করা হবে: ট্রাম্প
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ১০:৪৩ AM

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের  হামলা ঘিরে  ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা বাড়ছে। ইরানকে সাবধান করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আন্তর্জাতিক জাহাজ চলাচল পথে হুতিদের আক্রমণ অব্যাহত থাকলে ইরানকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে। হুতিদের ছোড়া প্রতিটি গুলির জন্য ইরানের নেতৃত্বকেই দায়ী করা হবে বলেও মার্কিন প্রেসিডেন্ট জানান। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের তেহরান মদদ দিচ্ছে বলে ট্রাম্পের অভিযোগ। 

তিনি বলেছেন, হুতি বিদ্রোহীদের চালানো যেকোনো আক্রমণকে ইরানের হামলা হিসেবে গণ্য করা হবে। আর এর পরিণতি তেহরানকে ভোগ করতে হবে, যা হবে ভয়াবহ। গত সোমবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে এসব কথা বলেন ট্রাম্প।

ট্রুথ সোশ্যালে তিনি আরও লিখেছেন, "ইয়েমেনের দাঙ্গাবাজ ও গুন্ডাদের শত শত আক্রমণের মূলে রয়েছে ইরান। প্রকৃতপক্ষে তারা ইরানেরই তৈরি। ইয়েমেনের জনগণ তাদের ঘৃণা করে। ভবিষ্যতে তাদের যেকোনো আক্রমণ শক্ত হাতে মোকাবিলা করা হবে।"

এর আগে চলতি মাসের গোড়ার দিকে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে উদ্বেগ জানিয়ে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কাছে একটি চিঠি পাঠান ট্রাম্প। এতে হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়, তেহরান যদি পারমাণবিক চুক্তিতে না পৌঁছায় তাহলে যুক্তরাষ্ট্র সামরিকভাবে প্রতিক্রিয়া জানাতে পারে।

বিবিসির খবরে বলা হয়, দৃশ্যত ইরানের ওপর চাপ বাড়ানোর পদক্ষেপের অংশ হিসেবে এমন হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বিশ্লেষকদের কেউ কেউ ট্রাম্পের এমন মন্তব্যকে ইরানের ওপর সামরিক পদক্ষেপের আশঙ্কা হিসেবেও দেখছেন।

চিঠিতে পারমাণবিক চুক্তি নিয়ে ইরানকে আলোচনার টেবিলে বসার আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট। তবে ট্রাম্পের চিঠিতে নতুন কিছু ছিল না বলে দাবি তেহরানের। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই বলেন, "ওই চিঠির বিষয়বস্তু ট্রাম্পের প্রকাশ্য বক্তব্যের চেয়ে খুব একটা আলাদা নয়। এটি বরং তাঁর একই বক্তব্যের পুনরাবৃত্তি। মূল্যায়ন শেষ হলে আমরা যথাযথ চ্যানেলের মাধ্যমে এর উত্তর পাঠাব।"

আল জাজিরার খবরে বলা হয়, এমন সময়ে হুতি বিদ্রোহীদের জড়িয়ে ইরানকে হুঁশিয়ারি দিলেন ট্রাম্প, যার আগে দুই দিন ধরে হুতি বিদ্রোহীদের ওপর সিরিজ বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।

পাল্টা প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের ইউএসএস হ্যারি এস ট্রুম্যান বিমানবাহী রণতরিতে হামলা চালায় বিদ্রোহীরা। গোষ্ঠীটির মুখপাত্র ইয়াহিয়া সারে জানান, "ওই রণতরি লক্ষ্য করে ছোড়া হয় ১৮টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন। হামলার মুখে জাহাজটি ইয়েমেনের পানিসীমা ছাড়তে বাধ্য হয়।"

হুতি নেতা আব্দুল মালিক আল হুথি বলেছেন, "যত দিন পর্যন্ত মার্কিন বাহিনী ইয়েমেনে আক্রমণ চালিয়ে যাবে, তত দিন পর্যন্ত আমরা লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের জাহাজগুলোকে আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত করব।"

তবে মার্কিন বাহিনীর তরফে ইউএসএস হ্যারি ট্রুম্যান আক্রান্ত হওয়ার দাবি অস্বীকার করা হয়েছে।

স্বদেশ প্রতিদিন/কেএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close