প্রকাশ: রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ২:০৩ পিএম

জাতীয় অপরাধ ট্রাইব্যুনাল জুলাই গণহত্যা মামলায় সাবেক ওসি আরশেদ হোসেনসহ তিন পুলিশ সদস্যের বিরুদ্ধে তদন্ত আগামী দুই মাসের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে তাদের সেফ হোমে জিজ্ঞাসাবাদ করার অনুমতিও দিয়েছেন আদালত।
রোববার (২৩ ফেব্রুয়ারি) বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ এই আদেশ দেন।
এই দিন শাহবাগ থানার তৎকালীন ওসি (অপারেশন) আরশেদ হোসেন, কনস্টেবল ইমাজ হোসেন প্রামাণিক এবং চানখারপুলে গুলি চালানোর মাধ্যমে আলোচনায় আসা সুজন হোসেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হন। প্রসিকিউশনের পক্ষ থেকে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য দুই মাস সময়ের আবেদন করা হয় যা ট্রাইব্যুনাল মঞ্জুর করে আগামী ২২ এপ্রিল তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করেন।
এ ছাড়া প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল আগামী ২ মার্চ আরশেদ হোসেনকে একদিনের এবং ৩ মার্চ ইমাজ হোসেন প্রামাণিককে একদিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন।
অন্যদিকে বাড্ডা রামপুরা এলাকার এস আই চঞ্চল কুমার সরকারকে আগামী ২৭ ফেব্রুয়ারি একদিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন ট্রাইবুনাল।
এই মামলার প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, বিএম সুলতান মাহমুদ, শহিদুল ইসলাম সরদার এবং গাজী এমএইচ তামিম।
স্বদেশ প্রতিদিন/এমআর