প্রকাশ: শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:২৫ পিএম

খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) আয়োজিত “সুন্দর বাংলা হাতের লেখা” প্রতিযোগিতা শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯ টায় নগরের বয়রা পুলিশ লাইনস ড্রিল শেডে অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতাটি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শিশু-কিশোরদের নিয়ে আয়োজন করা হয়। “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত প্রতিযোগিতায় খুলনা মহানগরের ২৬টি স্কুলের ১২০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
এ প্রতিযোগিতায় ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা পাঁচটি পৃথক গ্রুপে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন কেএমপি'র এডিসি মিডিয়া মোহা: আহসান হাবীব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার মো. কুতুব উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার মো: শাহ নেওয়াজ ও মেরিনা খানম।
প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করেন পাঁচ সদস্যবিশিষ্ট বিচারক প্যানেল। পরে, প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ কুতুব উদ্দিন বিজয়ীদের হাতে সার্টিফিকেট ও পুরস্কার তুলে দেন। তিনি শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের অভিনন্দন জানান এবং উৎসাহ প্রদান করেন।
অতিরিক্ত পুলিশ কমিশনার মো. কুতুব উদ্দিন বলেন, “এই ধরনের প্রতিযোগিতা কোমলমতি শিক্ষার্থীদের সুপ্ত মেধা বিকাশের সুযোগ করে দেয় এবং পুলিশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনে সহায়ক হয়। আমাদের সন্তানরা যাতে সৃজনশীল মানসিকতা নিয়ে বড় হতে পারে, তার জন্য আমাদের দায়িত্ব নিতে হবে।” তিনি আরও বলেন, “জ্ঞানভিত্তিক শিক্ষার কোনো বিকল্প নেই এবং আমাদের সন্তানদের মানবিক মূল্যবোধ জাগ্রত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার জন্য তৈরি করতে হবে।”
এছাড়া অনুষ্ঠানটিতে উপস্থিত অভিভাবকরা জানান, কেএমপি পুলিশের উদ্যোগে এই ধরনের প্রতিযোগিতার আয়োজন একটি অসাধারণ পদক্ষেপ এবং এটি তাদের সন্তানের জীবনে একটি চমৎকার স্মৃতি হয়ে থাকবে। তারা ভবিষ্যতে এ ধরনের আরও অনুষ্ঠানের আয়োজন করার জন্য কেএমপি পরিবারকে ধন্যবাদ জানান।
এ অনুষ্ঠানে খুলনা মহানগরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং কেএমপির বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
স্বদেশ প্রতিদিন/এমআর