
জামায়াতে ইসলামী বাংলাদেশের সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে আগামী ২৫ ফেব্রুয়ারির মধ্যে মুক্তি না দিলে জামায়াতে ইসলামী বাংলাদেশের আমীর ডাঃ শফিকুর রহমান স্বেচ্ছায় কারাবরণ করার ঘোষণা দিয়েছেন।
এই ঘোষণা ২২ ফেব্রুয়ারি শনিবার লক্ষ্মীপুর জেলার আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় মাঠে জেলা জামায়াত আয়োজিত গণ জমায়েতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার সময় দেন। তিনি বলেন, “যদি এটিএম আজহারুল ইসলামকে নির্দিষ্ট সময়ের মধ্যে মুক্তি না দেওয়া হয়, তাহলে জামায়াতের পক্ষ থেকে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। আমি নিজেই স্বেচ্ছায় কারাবরণ করব। এই ঘটনায় জাতির সামনে আরও বড় আন্দোলন গড়ে তোলা হবে।”
গণ জমায়েতটি জেলা জামায়াতের আমীর এস ইউ এম রুহুল আমিন ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। জমায়েতে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি ফারুক হোসাইন নুর নবী, মাওলানা এটিএম মাসুম, কাজী দীন মোহাম্মদ, সাবেক সাংসদ মোঃ শাহজাহান চৌধুরী, মুহাম্মদ রেজাউল করিম, এড. আতিকুর রহমান, ডাঃ আনোয়ারুল আজিম, এড. এ আর হাফিজ উল্যাহ, এড. নজির আহম্মেদ সহ জামায়াতের অন্যান্য গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, এটিএম আজহারুল ইসলামসহ জামায়াতের সকল নেতাদের রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা মামলা দিয়ে কারাবন্দী রাখা হয়েছে। তারা অবিলম্বে এসব নেতাদের মুক্তি দাবি করেন। বক্তারা আরও বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত সংকটাপন্ন, এবং যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার করা দরকার।
এসময় বক্তারা দাবি করেন, আগামী জাতীয় নির্বাচন থেকে আগে স্থানীয় নির্বাচনগুলো অনুষ্ঠিত হওয়া উচিত এবং তা যেন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়। বক্তারা উল্লেখ করেন, জামায়াতে ইসলামী দেশের জনগণের অধিকার রক্ষার জন্য অবিচলভাবে কাজ করে যাবে এবং যে কোনো ধরনের অন্যায় ও রাজনৈতিক নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানাবে।
ডাঃ শফিকুর রহমান বলেন, "আমরা কেবল নিজেদের জন্য নয়, জনগণের অধিকার রক্ষার জন্য আন্দোলন করছি। জামায়াতে ইসলামী সবসময় গণতন্ত্র ও ন্যায়বিচারের পক্ষে ছিল এবং থাকবে।"
এছাড়া বক্তারা তাদের বক্তব্যে জামায়াতের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান, যেন তারা শান্তিপূর্ণ ও সমন্বিতভাবে সংগঠনের আদর্শে বিশ্বাসী থেকে সমাজে সুষ্ঠু শাসন প্রতিষ্ঠায় কাজ করতে থাকে।
পরে, নেতৃবৃন্দ কারাবন্দী জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে স্লোগানও দেন।
গণ জমায়েতে বক্তারা রাষ্ট্রীয় সংস্কারের মাধ্যমে একটি সুশাসিত, শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সংগঠনের পক্ষ থেকে সকল কর্মী-সমর্থকদের প্রস্তুত থাকার আহ্বান জানান।
স্বদেশ প্রতিদিন/এমআর