প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৪:৫৩ পিএম

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে জামালপুরের মেলান্দহ উপজেলার ৪ নম্বর নাংলা ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী লুৎফর রহমান লিটনের সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে নাংলা ইউনিয়নের বিভিন্ন এলাকায় মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা করেন তার কর্মী-সমর্থকরা। শোভাযাত্রাটি ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় প্রার্থীর পক্ষে স্লোগান দেন অংশগ্রহণকারীরা। পাশাপাশি সাধারণ মানুষের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন তারা।
স্থানীয়দের প্রত্যাশা, ইউনিয়ন পরিষদে যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠিত হলে এলাকার দীর্ঘদিনের উন্নয়নবঞ্চনা দূর হবে। বিশেষ করে গ্রামীণ সড়কের উন্নয়ন, রাস্তাঘাট সংস্কার, ড্রেনেজ ব্যবস্থা, সুপেয় পানি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং সাধারণ মানুষের নাগরিক সেবা নিশ্চিত করার মতো বিষয়গুলোকে গুরুত্ব দিতে হবে নতুন নেতৃত্বকে।
এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী লুৎফর রহমান লিটন বলেন, "জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে আমি নির্বাচনে অংশ নিচ্ছি। নির্বাচিত হলে দল-মত নির্বিশেষে ইউনিয়নের সবার জন্য কাজ করব। সরকারি বরাদ্দ ও উন্নয়ন প্রকল্পের সুষম বণ্টন, অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো এবং জন্মনিবন্ধনসহ ইউনিয়ন পরিষদের সব সেবায় হয়রানি বন্ধ করে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করাই হবে আমার মূল লক্ষ্য।"
এদিকে মোটরসাইকেল শোভাযাত্রাকে কেন্দ্র করে ইউনিয়নের বিভিন্ন এলাকায় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে নির্বাচনী আমেজ দেখা গেছে।
স্বদেশ প্রতিদিন/এস পি