কিশোরগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের আলোচনায় ডা. সোহেল

সংগৃহীত ছবি
কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের উপনির্বাচনকে ঘিরে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের নিয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা হিসাব-নিকাশ। সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছে চিকিৎসক ও রাজনৈতিক সংগঠক ডা. মো. এরশাদ আহসান সোহেলের নাম। দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততা, ছাত্রদলের নেতৃত্বের অভিজ্ঞতা, চিকিৎসক সমাজে সাংগঠনিক ভূমিকা এবং জেলা বিএনপির দায়িত্বসহ সব মিলিয়ে মনোনয়ন প্রত্যাশিদের মাঝে নিজের অবস্থান জানান দিচ্ছেন তিনি।
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুরের বাসিন্দা ডা. মো. এরশাদ আহসান সোহেল বর্তমানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (সাবেক পিজি হাসপাতাল) সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। পেশাগত পরিচয়ের পাশাপাশি ছাত্রজীবন থেকেই জাতীয়তাবাদী আদর্শের রাজনীতির সঙ্গে যুক্ত তিনি। দীর্ঘ রাজনৈতিক পথচলায় ছাত্রসংগঠন থেকে চিকিৎসক সংগঠন এবং জেলা পর্যায়ের রাজনীতিতে নেতৃত্বের অভিজ্ঞতা অর্জন করেছেন।
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে অধ্যয়নকালে ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করেন এরশাদ আহসান সোহেল। এ সময় তিনি কলেজ ছাত্রদলের দপ্তর সম্পাদক ও সিনিয়র সহসভাপতির দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের লালটু-হেলাল কমিটির কার্যকরী সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন।
ছাত্ররাজনীতিতে তাঁর উল্লেখযোগ্য সাফল্যের মধ্যে রয়েছে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ছাত্র সংসদ নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করে সর্বোচ্চ ভোটে বিজয়ী হওয়া। এ বিজয় শিক্ষার্থীদের মধ্যে তাঁর সাংগঠনিক দক্ষতা ও গ্রহণযোগ্যতার একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে তুলে ধরা হয়।
ছাত্ররাজনীতির অভিজ্ঞতাকে পরবর্তী সময়ে পেশাজীবী সংগঠনের কার্যক্রমেও কাজে লাগান তিনি। চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি কিশোরগঞ্জ জেলা বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন। এছাড়া কিশোরগঞ্জ জেলা ড্যাবের সাধারণ সম্পাদক হিসেবেও তাঁর নাম প্রস্তাবিত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
কিশোরগঞ্জ-৩ আসনটি এরশাদ আহসান সোহেলের জন্য নতুন কোনো রাজনৈতিক আকাঙ্ক্ষার ক্ষেত্র নয়। ২০১৮ সালের নির্বাচনেও তিনি এ আসনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। ফলে এবারের মনোনয়ন প্রত্যাশার পেছনে দীর্ঘদিনের রাজনৈতিক প্রস্তুতি, সাংগঠনিক সম্পৃক্ততা ও নির্বাচনী আগ্রহ রয়েছে বলে মনে করছেন তাঁর অনুসারীরা।
২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আমন্ত্রণে মনোনয়নপ্রত্যাশীদের নিয়ে আয়োজিত সম্মেলনেও অংশ নেন ডা. এরশাদ আহসান সোহেল। দলীয় রাজনীতির কেন্দ্রীয় পরিসরে তাঁর এ অংশগ্রহণকেও রাজনৈতিক সম্পৃক্ততার গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে দেখছেন তাঁর সমর্থকেরা।
সংসদ সদস্য ড. এম ওসমান ফারুকের পদত্যাগের পর কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণাকে কেন্দ্র করে উপনির্বাচনের রাজনৈতিক তৎপরতা নতুন করে গতি পেয়েছে। এরই মধ্যে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে শুরু হয়েছে আলোচনা, চলছে তৃণমূলের সমীকরণ ও দলীয় হিসাব-নিকাশ।
মনোনয়নপ্রত্যাশীদের তালিকায় ডা. এরশাদ আহসান সোহেলের নাম আলোচনায় আসার পেছনে তাঁর দীর্ঘ রাজনৈতিক সম্পৃক্ততা, সাংগঠনিক অভিজ্ঞতা এবং পেশাজীবী মহলে পরিচিতিকে গুরুত্ব দিচ্ছেন তাঁর সমর্থকেরা। তবে শেষ পর্যন্ত দলীয় মনোনয়নের ক্ষেত্রে ব্যক্তিগত পরিচয়ের পাশাপাশি তৃণমূলের সঙ্গে সম্পর্ক, জনসম্পৃক্ততা, সাংগঠনিক সক্ষমতা এবং নির্বাচনী প্রস্তুতিও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে মনে করছেন রাজনৈতিক সংশ্লিষ্টরা।
ডা. মো. এরশাদ আহসান সোহেল বলেন, এ এলাকার মানুষের সুখ-দুঃখ, সমস্যা ও সম্ভাবনার সঙ্গে আমার আত্মিক সম্পর্ক রয়েছে। আমি বিশ্বাস করি, রাজনীতিতে নতুন প্রজন্মের চিন্তা, পেশাজীবীদের অভিজ্ঞতা এবং তৃণমূলের নেতা-কর্মীদের সম্মিলিত শক্তির সমন্বয় প্রয়োজন।
তিনি বলেন, দল আমাকে যোগ্য মনে করে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়ন দিলে এলাকার মানুষের প্রত্যাশা পূরণ, স্বাস্থ্যসেবার উন্নয়ন, শিক্ষা, কর্মসংস্থান ও অবকাঠামোগত উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখব। মনোনয়ন পাওয়া বা না পাওয়া দুটির ঊর্ধ্বে আমার কাছে দলের আদর্শ ও সাংগঠনিক ঐক্য। দলের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল থেকে জাতীয়তাবাদী শক্তিকে সুসংহত করতে চাই।
এদিকে কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন যতই ঘনিয়ে আসছে, ততই সম্ভাব্য প্রার্থীদের নিয়ে স্থানীয় বিএনপির রাজনীতিতে বাড়ছে আলোচনা। তবে মনোনয়ন দৌড়ে শেষ হাসি কে হাসবেন, তা নির্ধারণ করবে দলের হাইকমান্ডের সিদ্ধান্তই। আর সেই সিদ্ধান্তের অপেক্ষায় এখন করিমগঞ্জ-তাড়াইলের রাজনৈতিক অঙ্গন।