
কক্সবাজার জেলা পুলিশের ধারাবাহিক বিশেষ অভিযানে চকরিয়ার কুখ্যাত আন্তঃজেলা ডাকাত দলের সর্দার, একাধিক হত্যা, অপহরণ ও ডাকাতি মামলার আসামি তৌহিদুল ইসলাম প্রকাশ তৌহিদ ডাকাত (৩৪)-কে গ্রেফতার করা হয়েছে।
গত ২৫ নভেম্বর ২০২৬ খ্রি. তারিখ ভোররাত আনুমানিক ০৪:৩০ ঘটিকার সময় চকরিয়া থানাধীন বরইতলী ইউনিয়নের ২নং ওয়ার্ডের রসুলাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
কক্সবাজার জেলার পুলিশ সুপার জনাব এ. এন. এম. সাজেদুর রহমান, পিপিএম-সেবা মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায়, চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মোঃ আবদুল আজিজ মহোদয়ের তত্ত্বাবধানে এবং চকরিয়া থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ আরিফুর রহমানের নেতৃত্বে চকরিয়া থানা পুলিশ, রামু থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-এর সমন্বয়ে গঠিত যৌথ আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
যে সকল চাঞ্চল্যকর মামলায় তার সংশ্লিষ্টতা পাওয়া গেছে:
গত ১২ নভেম্বর ২০২৬ খ্রি. তারিখ চকরিয়ার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ঈদমনি উত্তরপাড়ায় সংঘটিত দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় ১৭ ভরি স্বর্ণালংকার, দুটি স্মার্টফোন, মোটরসাইকেলসহ অন্যান্য মালামাল লুণ্ঠনের অভিযোগ রয়েছে। এ ঘটনায় চকরিয়া থানার মামলা নং-৩১, তারিখ-২৫/১১/২০২৬ খ্রি. রুজু করা হয়েছে।
একই তারিখ ফাঁসিয়াখালী ইউনিয়নের উচিতার বিল এলাকায় সংঘটিত ডাকাতির ঘটনায় নগদ ৩,০৫,০০০ টাকা, আনুমানিক ১৩ ভরি স্বর্ণালংকার ও তিনটি মোবাইল ফোন লুণ্ঠনের অভিযোগ রয়েছে। এ ঘটনায় চকরিয়া থানার মামলা নং-১৩, তারিখ-১৩/১১/২০২৬ খ্রি. রুজু করা হয়।
২০২৫ সালের ২৭ সেপ্টেম্বর মাতামুহুরী সেতু এলাকায় গিয়াস উদ্দিনকে অপহরণ ও হত্যার ঘটনায় দায়েরকৃত চকরিয়া থানার মামলা নং-০১, তারিখ-০১/১০/২০২৫ খ্রি.-এর এজাহারনামীয় ১নং আসামি তৌহিদুল ইসলাম প্রকাশ তৌহিদ ডাকাত।
গ্রেফতারের সময় যা উদ্ধার ও জব্দ করা হয়েছে:
১। ডাকাতির কাজে ব্যবহৃত একটি সুজুকি জিক্সার ১৫৫ সিসি মোটরসাইকেল।
২। ডাকাতির ঘটনায় লুণ্ঠিত একটি ইয়ামাহা এফজেডএস-এফআই ভি৩ মোটরসাইকেল।
৩। বিদেশি ইমিটেশনের গোল্ডেন কালারের তিনটি চেইনসহ অন্যান্য ইমিটেশনের মালামাল।
প্রাথমিক তদন্তে চাঞ্চল্যকর তথ্য:
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, তৌহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ আন্তঃজেলা ডাকাত দলের নেতৃত্ব দিয়ে আসছিল। তার নেতৃত্বে প্রায় ৪০-৫০ জনের একটি ডাকাত বাহিনী সক্রিয় থাকার তথ্য পাওয়া গেছে। তার বিরুদ্ধে কক্সবাজার, চট্টগ্রাম ও বান্দরবান জেলার বিভিন্ন থানায় ডাকাতি, হত্যা, অপহরণ, ছিনতাই, চুরি, অস্ত্র, মাদক ও চাঁদাবাজিসহ ২৫টিরও অধিক মামলা রয়েছে। এছাড়া চকরিয়া থানায় তার বিরুদ্ধে তিনটি গ্রেফতারি পরোয়ানা মুলতবি ছিল।
অপরাধলব্ধ অর্থ দিয়ে চকরিয়ার কাকারা ইউনিয়নের উত্তর লোটনী এবং বান্দরবানের লামা থানাধীন পাইতং এলাকায় বাড়ি ও অন্যান্য সম্পদ গড়ে তোলার তথ্য পাওয়া গেছে। তার সহযোগী, অপরাধলব্ধ সম্পদের উৎস ও প্রকৃত মালিকানা শনাক্ত করতে পুলিশের অনুসন্ধান অব্যাহত রয়েছে।
স্বদেশ প্রতিদিন/এস পি