প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১০:৫১ AM

চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মেহেদী (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি পেশায় একটি বেকারির কর্মচারী ছিলেন। ২৪ নভেম্বর ভোর ৫টার দিকে মেঘনা এক্সপ্রেস ট্রেনটি চাঁদপুর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার সময় শহরের দর্জিঘাট এলাকার পূর্ব পাশে এ ঘটনা ঘটে ।
নিহত মেহেদীর গ্রামের বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বলাখাল এলাকায়। তবে তিনি শহরের ৭ নম্বর ওয়ার্ডের যমুনা রোড এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন। তার পিতার নাম সুমন।
স্থানীয়দের ভাষ্য, ফজরের নামাজ শেষে সকালে হাঁটতে বের হওয়া মানুষরা মেঘনা এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পর দর্জিঘাট এলাকার পূর্ব পাশে লোকজনের জটলা দেখে কাছে যান। পরে সেখানে গিয়ে মেহেদীকে রেললাইনের পাশে পড়ে থাকতে দেখেন। তাদের ধারণা, ট্রেনের ধাক্কায় মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।
ঘটনাস্থলের পাশে মেহেদীর ব্যবহৃত একটি মোবাইল ফোনও পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়রা ও প্রত্যক্ষদর্শীরা বিষয়টি চাঁদপুর রেলওয়ে পুলিশকে জানালে, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফোন থেকে নম্বর সংগ্রহ করে পরিবারের সদস্যদের খবর দেয়।
চাঁদপুর রেলওয়ে থানার ওসি জসিম উদ্দিন বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। মোবাইল ফোনের মাধ্যমে নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং তার বাবা ও মামা থানায় আসছেন। মরদেহ সুরতহালের প্রক্রিয়া চলমান রয়েছে।
এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান আছে। পরিবারের সদস্যরা পৌঁছালে মৃত্যুর বিষয়ে আরও বিস্তারিত তথ্য পাওয়া যাবে এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ওসি।
স্বদেশ প্রতিদিন/এস পি