
বান্দরবানের লামা উপজেলায় অতিরিক্ত ভারী যানবাহন চলাচলের চাপে গজালিয়া–আজিজনগর সড়কের একটি বেইলি ব্রিজ ধসে পড়েছে। বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১টার দিকে স্কেভেটর বহনকারী একটি ভারী ট্রাক ব্রিজটি অতিক্রম করার সময় এ ঘটনা ঘটে। এতে ওই সড়কে যান চলাচল ব্যাহত হওয়ায় স্থানীয় বাসিন্দা ও সাধারণ যাত্রীদের মধ্যে দুর্ভোগের আশঙ্কা দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, স্কেভেটর বহনকারী ভারী ট্রাকটি ব্রিজের ওপর দিয়ে যাওয়ার সময় অতিরিক্ত ভারের চাপে বেইলি ব্রিজটি ধসে পড়ে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণও নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয়দের অভিযোগ, লামা উপজেলার অভ্যন্তরীণ সড়ক, ঝুঁকিপূর্ণ কালভার্ট ও বেইলি ব্রিজের ওপর দিয়ে দীর্ঘদিন ধরে অতিরিক্ত পণ্যবোঝাই ট্রাক ও ভারী যানবাহন চলাচল করছে। যানবাহনের ওজন এবং সংশ্লিষ্ট সেতুর ধারণক্ষমতা যথাযথভাবে যাচাই না করেই এসব যান চলাচলের সুযোগ দেওয়ায় সরকারি অর্থে নির্মিত গুরুত্বপূর্ণ অবকাঠামো ঝুঁকির মুখে পড়ছে।
সচেতন মহলের মতে, পাহাড়ি জনপদের অধিকাংশ সড়ক, কালভার্ট ও বেইলি ব্রিজ নির্দিষ্ট ধারণক্ষমতা বিবেচনায় নির্মিত। কিন্তু এসব সীমাবদ্ধতা উপেক্ষা করে ভারী যানবাহন চলাচল অব্যাহত থাকলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। একই সঙ্গে রাষ্ট্রীয় অর্থে নির্মিত অবকাঠামোর স্থায়িত্ব ও জননিরাপত্তা হুমকির মুখে পড়বে।
এ ঘটনায় লামা ট্রাফিক বিভাগের দায়িত্বশীলতা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয় সচেতন নাগরিকেরা। তাঁদের অভিযোগ, অতিরিক্ত ওজনের পণ্যবাহী ও ভারী যানবাহন চলাচল নিয়ন্ত্রণে দায়িত্বপ্রাপ্ত ট্রাফিক বিভাগ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের কার্যকর নজরদারি থাকা প্রয়োজন। অথচ দীর্ঘদিন ধরে এ ধরনের যানবাহন চলাচল করলেও কার্যকর নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা কতটা নেওয়া হয়েছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে।
এ বিষয়ে লামা ট্রাফিক বিভাগের ট্রাফিক পরিদর্শক (টিআই) গোবিন্দ্রের সঙ্গে কথা হলে তিনি বিষয়টি নিয়ে সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে পারেননি বলে জানা গেছে।
সচেতন মহল অবিলম্বে ধসে পড়া বেইলি ব্রিজের ক্ষয়ক্ষতি নিরূপণ, দ্রুত সংস্কার এবং বিকল্প যাতায়াতব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। একই সঙ্গে উপজেলার অভ্যন্তরীণ সড়ক ও ঝুঁকিপূর্ণ সেতু-কালভার্টের ধারণক্ষমতা নির্ধারণ, অতিরিক্ত ওজন বহনকারী যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং নিয়মিত ট্রাফিক নজরদারি জোরদারের আহ্বান জানিয়েছেন।
স্থানীয়দের প্রশ্ন, সময়মতো ভারী যানবাহন চলাচল নিয়ন্ত্রণ ও সেতুর ধারণক্ষমতা অনুযায়ী যানবাহন চলাচল নিশ্চিত করা গেলে এ ধরনের সরকারি সম্পদের ক্ষতি এড়ানো সম্ভব ছিল না কি? জনদুর্ভোগ লাঘব, জননিরাপত্তা নিশ্চিত এবং সরকারি সম্পদ রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ এখন সময়ের দাবি।
স্বদেশ প্রতিদিন/এস পি