প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৭:৪৪ পিএম

সংগৃহীত ছবি
সাভারের আশুলিয়ায় পরিত্যক্ত সেপটিক ট্যাংকে পড়ে যাওয়া এক শিশুকে জীবিত উদ্ধার করতে গিয়ে ট্যাংকের দেয়াল ও পাড় ধসে মো. ছকিনুর ইসলাম (৩০) নামের এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৪ই নভেম্বর) বিকেলে আশুলিয়ার মধ্য গাজীরচট এলাকার দরগার পাড়ে এঘটনা ঘটে।
নিহত ছকিনুর ইসলাম নীলফামারীর কিশোরগঞ্জ থানার ছিট রাজীব গ্রামের মো. জাহিদুল ইসলামের ছেলে। তিনি আশুলিয়ার স্থানীয় 'এনআরএল গ্রুপ'-এ কাটিং বান্ডেলম্যান হিসেবে কর্মরত ছিলেন ও দরগার পাড়ের লেদুর বাড়িতে পরিবার নিয়ে ভাড়া থাকতেন। তার পরিবারে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
উদ্ধার পাওয়া আট বছর বয়সী শিশুর নাম শাহিন কাজী লাভলু। সে স্থানীয় দিনমজুর শাহাবুদ্দিন ও লাইলি দম্পতির সন্তান।
প্রত্যক্ষদর্শী ও নিহতের সহকর্মী রবিউল ইসলাম জানান, বিকেলে মধ্য গাজীরচট এলাকার একটি পুকুরের পাশে থাকা পরিত্যক্ত সেপটিক ট্যাংকের জমে থাকা পানিতে ছিপ দিয়ে মাছ শিকার করছিল শিশু শাহিন। অসাবধানতাবশত সে হঠাৎ ট্যাংকের পানিতে পড়ে যায়। শিশুটিকে পানিতে হাবুডুবু খেতে দেখে তাৎক্ষণিকভাবে ছকিনুর ইসলাম ট্যাংকে নেমে পড়েন।
তিনি দ্রুত শিশুটিকে টেনে তুলে নিরাপদ স্থানে উঠিয়ে দেন। কিন্তু শিশুটি রক্ষা পেলেও ছকিনুর নিজে ওপরে ওঠার আগেই হঠাৎ জরাজীর্ণ সেপটিক ট্যাংকের দেয়াল ও পাড়ের মাটি ধসে তার ওপর পড়ে। এতে তিনি ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন।
ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধার তৎপরতা শুরু করেন ও ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধারে অভিযান পরিচালনা করে।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মিরাজ জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে এসেছি। ফায়ার সার্ভিস উদ্ধার কাজ চলমান রয়েছে। আপাতত তাকে মৃত বলে ধরে নেওয়া হয়েছে। পরে বিস্তারিত তথ্য দেওয়া যাবে।