প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৮:৩৮ পিএম

সংগৃহীত ছবি
চাটমোহরবাসীর দীর্ঘদিনের দাবীর প্রেক্ষিতে পৌর সদরের কাজীপাড়া মহল্লায় ‘চাটমোহর পৌর পার্ক’ এর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে পাবনার জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম একটি কৃষ্ণচূড়া গাছ রোপন করে পার্কের উদ্ধোধন করেন।
এসময় চাটমোহর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদ প্রশাসক খালিদ হাসান,উপজেলা সহকারী কশিনার (ভূমি) ও চাটমোহর পৌরসভার প্রশাসক মো. মজিবুর রহমান, জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটবৃন্দ, চাটমোহর উপজেলা প্রকৌশলী মো. এজাজুল আলম, চাটমোহর উপজেলা শিক্ষা অফিসার মো. ওসমান গণি, থানা অফিসার ইনচার্জ মোহা. অলিউর রহমান, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি,দৈনিক চলনবিল সম্পাদক রকিবুর রহমান টুকুন, পৌরসভার প্রকৌশলী মো. রাফিউল বারী, মো. বাকি বিল্লাহ্, মো. আবুল কালাম আজাদ দুলাল, চাটমোহর স্পোর্টস্ একাডেমীর আহবায়ক মো. তৌহিদুল ইসলাম তাইজুলসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,সুশীল সমাজের প্রতিনিধি,এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম বলেন, পার্ক নির্মাণ করা হলে স্থানীয় বাসিন্দাগণ সুফল পাবেন। শিশুদের সাঁতার শেখার (সুইমিংপুল) জায়গা তৈরীর কথা ব্যক্ত করে পার্ক নির্মাণে সহযোগীতার আশ্বাস দিয়ে তিনি ভাল কাজের জন্য সবাইকে এগিয়ে আসার আহবান জানান।
চাটমোহর পৌরসভার প্রকৌশলী মো. রাফিউল বারী জানান, কাজীপাড়া মহল্লায় ৪৫ ফুট প্রস্থ্য এবং প্রায় ৬’শ ফুট দৈর্ঘ্য সরকারি ওই জায়গায় প্রাথমিকভাবে ৭ লাখ টাকা ব্যয়ে গাছ-পালা ঠিক রেখে শিশুদের জন্য পার্ক নির্মাণ করা হবে। পরবর্তীতে পাবলিক লাইব্রেরী, ওয়াকওয়ে (হাঁটার পথ), ক্যাফে, সুইমিংপুল, জীম, সিনিয়র সিটিজেনদের জন্য বিনোদন কেন্দ্র নির্মাণ করার পরিকল্পনা রয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার খালিদ হাসান জানান, চাটমোহরবাসীর দীর্ঘদিনের যৌক্তিক দাবীর প্রতি সম্মান জানিয়ে পৌরসভার পক্ষ থেকে এই পার্ক নির্মাণ করা হচ্ছে। তিনি নান্দনিক পৌর পার্ক নির্মাণে সকলের সহযোগীতা কামনা করেছেন।