প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ১১:২৫ AM

তৈরি পোশাকশ্রমিকদের আন্দোলনের মধ্যে আশুলিয়ার বাইপাইল-আবদুল্লাহপুর সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন শ্রমিকেরা। এ সময় একটি বাস ভাঙচুরের চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করে দেন। সোমবার (২৩ নভেম্বর) সকালে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিশ্চিন্তপুরের নিউ এইজ কারখানায় সাধারণ ছুটি ঘোষণার পর শ্রমিকেরা বেরিয়ে এসে সড়কে অবস্থান নেন। এ সময় তাঁরা আশপাশের চালু কারখানাগুলোতে হামলার চেষ্টা করেন। দেরিতে কারখানা থেকে বের হওয়া শ্রমিকদের মারধরের অভিযোগও উঠেছে। এক শ্রমিকের অভিযোগ, অন্য কারখানার শ্রমিকেরা কাজ চালিয়ে যাওয়ায় ক্ষুব্ধ হয়ে তাঁদের ওপর হামলা করা হচ্ছে।
আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশের সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূইয়া জানান, শ্রমিকদের কর্মবিরতির মুখে ৯টি তৈরি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। আরও পাঁচটি কারখানার শ্রমিকেরা ভেতরে কাজ না করে বসে ছিলেন। এদিকে শ্রমিক অসন্তোষের জেরে শ্রম আইনের ১৩(১) ধারায় হামীম, এনভয়, নিট এশিয়া ও নেক্সট কালেকশনসহ মোট ২২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। আরও দুটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
স্বদেশ প্রতিদিন/এস পি