শুক্রবার ● ২০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● রাস পূজায় সুন্দরবনে কঠোর নিরাপত্তা, নির্ধারিত ৫ নৌপথ      ● পটুয়াখালীতে বাণিজ্য মেলার অনুমতি স্থগিত      ● আখাউড়ায় নানা আয়োজনে তারেক রহমানের জন্মদিন পালন      ● কক্সবাজারে ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রীসহ নিহত ৪      ● ৫ ডিসেম্বর বগুড়ায় যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান      ● আম্পায়ারদের সঙ্গে তর্কে জড়িয়ে শাস্তি পেলেন হৃদয়      ● পদ্মার দুই পাঙ্গাশ ২১ হাজারে বিক্রি      ● ইউপি নির্বাচনের তালিকা থেকে বাদ আনোয়ারার দুই ইউনিয়ন      ● অস্ট্রেলিয়া সফরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন জামায়াত আমির      ● শরদ কাপুরের দুঃসময়ে সাড়া দিলেন শাহরুখ খান      ● মা হলেন অভিনেত্রী সামান্থা      ● বৃষ্টিতে ফাইনাল পরিত্যক্ত, ভারতকে হতাশ করে চ্যাম্পিয়ন পাকিস্তান      
রাস পূজায় সুন্দরবনে কঠোর নিরাপত্তা, নির্ধারিত ৫ নৌপথ
কয়রা (খুলনা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৬:৩৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সুন্দরবনের দুবলার চরের আলোরকোলে আগামী ২২ নভেম্বর শুরু হচ্ছে তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী রাস পূজা। এ উপলক্ষে হাজার হাজার পুণ্যার্থীর সমাগম ঘিরে সুন্দরবনের বনজ সম্পদ ও বন্য প্রাণী রক্ষায় কঠোর নিরাপত্তাব্যবস্থা নিয়েছে বন বিভাগ। পুণ্যার্থীদের যাতায়াতের জন্য নির্ধারণ করা হয়েছে পাঁচটি নির্দিষ্ট নৌপথ। নির্ধারিত পথের বাইরে অন্য কোথাও নৌযান নোঙর করা বা অবস্থান করার অনুমতি দেওয়া হবে না।

বন বিভাগ সূত্রে জানা গেছে, বুড়িগোয়ালিনী ও কোবাদক থেকে বাটুলানদী, বলনদী ও পাটকোষ্টা খাল হয়ে হংসরাজ নদী দিয়ে দুবলার চরে যাওয়া যাবে। কয়রা, কাশিয়াবাদ, খাসিটানা ও বজবজা হয়ে আড়ুয়া শিবসা, সেখান থেকে শিবসা ও মরজাত নদী দিয়ে দুবলার চরে পৌঁছানো যাবে। এ ছাড়া নলিয়ান স্টেশন হয়ে শিবসা ও মরজাত নদী, ঢাংমারী অথবা চাঁদপাই স্টেশন থেকে তিনকোনা দ্বীপ বরাবর পশুর নদী এবং বগী-বলেশ্বর-সুপতি-কচিখালী-শেলারচর হয়ে সুন্দরবনের বাইরে দিয়ে দুবলার চরে যাতায়াত করা যাবে।

সুন্দরবন পশ্চিম ও পূর্ব বন বিভাগের উদ্যোগে রাস পূজা ঘিরে ইতিমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। ২২ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত সুন্দরবনে বিশেষ টহল, নজরদারি ও নিরাপত্তা কার্যক্রম চলবে। বন বিভাগের নিয়মিত টহল দলের পাশাপাশি স্মার্ট টিমও দায়িত্ব পালন করবে। এ বছর শুধু হিন্দু সম্প্রদায়ের মানুষকে রাস পূজায় অংশ নেওয়ার অনুমতি দেওয়া হবে। পুণ্যার্থীদের নিরাপত্তায় বন বিভাগের পাশাপাশি নৌপুলিশ, সুন্দরবন রেঞ্জ পুলিশ (এসআরবি) ও কোস্টগার্ড সদস্যরা টহল দেবেন।

বন বিভাগ সূত্রে জানা যায়, প্রতিবছর কার্তিক-অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষে বঙ্গোপসাগরের তীরবর্তী দুবলার চরের আলোরকোলে রাস পূজা অনুষ্ঠিত হয়। সমুদ্রস্নান, পূজা-অর্চনা ও ধর্মীয় আচার পালনের মধ্য দিয়ে এ আয়োজন সম্পন্ন হয়। দেশের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার পুণ্যার্থী এতে অংশ নেন। সনাতন ধর্মাবলম্বীদের কাছে স্থানটি পবিত্র তীর্থস্থান হিসেবে পরিচিত।

তবে বিপুল মানুষের সমাগমে সুন্দরবনের বনজ সম্পদ আহরণ, অবৈধ মাছ শিকার, বন্য প্রাণীর ক্ষতি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের আশঙ্কা থাকে। এসব ঠেকাতে সংশ্লিষ্ট বন স্টেশন ও টহল ফাঁড়ির কর্মকর্তাদের আগাম সতর্কতা ও নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

দুবলার চর রাস উৎসব উদ্‌যাপন কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. কামাল উদ্দিন আহমেদ বলেন, রাস পূজার মণ্ডপে প্রতিমা তৈরির কাজ শেষ হয়েছে। এখন পুণ্যার্থীদের থাকার জন্য প্যান্ডেল নির্মাণ করা হচ্ছে। তবে ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে গত তিন দিন ধরে চরে বৃষ্টি হচ্ছে। এতে প্যান্ডেল নির্মাণকাজ ব্যাহত হচ্ছে। সাগরও বেশ উত্তাল। আবহাওয়া স্বাভাবিক না হলে পুণ্যার্থীদের সমাগম নিয়ে সংশয় রয়েছে।

খুলনা আঞ্চলিক বন সংরক্ষক ইমরান আহমেদ বলেন, রাস পূর্ণিমার পুণ্যস্নানে যেতে সনাতন ধর্মাবলম্বীরা নির্ধারিত পাঁচটি পথের মধ্যে পছন্দমতো একটি ব্যবহার করতে পারবেন। চলাচল করতে হবে দিনের বেলায়। ঘূর্ণিঝড় আকভানের কারণে আবহাওয়া খারাপ রয়েছে। পরিস্থিতির উন্নতি হলে ২২ নভেম্বর সকাল থেকে পুণ্যার্থীদের পাস-পারমিট দেওয়া হবে।

তিনি আরও বলেন, বন বিভাগের চেকপোস্ট ছাড়া অন্য কোথাও নৌকা, লঞ্চ বা ট্রলার নোঙর করতে পারবে না। প্রতিটি নৌযানে রং দিয়ে বিএলসি অথবা সিরিয়াল নম্বর লিখতে হবে। সুন্দরবনে প্রবেশের পাস-পারমিটের পাশাপাশি জাতীয় পরিচয়পত্রও সঙ্গে রাখতে হবে।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close