প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ১০:৫৬ AM

সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের স্মরণে জাতিসংঘ ঘোষিত ‘ওয়ার্ল্ড ডে অব রিমেমব্রান্স ফর রোড ট্রাফিক ভিকটিমস’ উপলক্ষে গোলটেবিল সভা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে রাজধানীর গুলশান-২-এ নগর ভবনের সেমিনার কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। ব্লুমবার্গ ফিলানথ্রপিস ইনিশিয়েটিভ ফর গ্লোবাল রোড সেফটি (বিআইজিআরএস) ও ভাইটাল স্ট্রাটেজিসের কারিগরি সহায়তায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান।
সভায় মুহাম্মদ আসাদুজ্জামান বলেন, ঢাকা শহরের ফুটপাত দখলমুক্ত করে পথচারীদের জন্য নিরাপদ ও ব্যবহার উপযোগী করতে ডিএনসিসি কাজ করছে। অবৈধভাবে ফুটপাত দখল করে যাতে কেউ পথচারীদের ঝুঁকিতে ফেলতে না পারে, সে জন্য গণমাধ্যম ও নগরবাসীর সহযোগিতা চান তিনি। শিশু, নারী ও প্রতিবন্ধী ব্যক্তিসহ সবার জন্য নিরাপদ সড়ক গড়ে তুলতে ডিএনসিসির উদ্যোগ অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। সভায় ডিএনসিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী খন্দকার মাহবুব আলম ঝুঁকিপূর্ণ সড়ক ও মোড় নিরাপদ করা, জেব্রা ক্রসিং আঁকা এবং ট্রাফিক ব্যবস্থার উন্নয়নে নেওয়া পদক্ষেপ তুলে ধরেন।
আলোচনায় বক্তারা সড়কে গতিসীমা মেনে চলা, ট্রাফিক আইন প্রয়োগ, পথচারীবান্ধব পরিবেশ তৈরি এবং নিরাপদ সড়ক আইন দ্রুত প্রণয়নের ওপর গুরুত্ব দেন। ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জিয়াউর রহমান জানান, গুরুত্বপূর্ণ সড়কে যানবাহন চলাচল পর্যবেক্ষণে এআই ক্যামেরা বসানো হচ্ছে। সভায় সড়ক দুর্ঘটনায় স্বজন হারানো ব্যক্তি ও বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধিরা তাঁদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন। ২০২৪ সালের ৯ অক্টোবর রাজধানীর বাড্ডায় দ্রুতগতির দুই বাসের প্রতিযোগিতায় মেয়েকে হারানোর কথা জানিয়ে অবসরপ্রাপ্ত শিক্ষক এস এম সাইফুল ইসলাম সড়কে আইন কঠোরভাবে প্রয়োগের আহ্বান জানান।
স্বদেশ প্রতিদিন/এস পি