প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ১১:২৬ AM

তৈরি পোশাক খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণে জীবনযাত্রার ব্যয়, মূল্যস্ফীতি ও ক্রয়ক্ষমতা বিবেচনার তাগিদ দিয়েছে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)। একই সঙ্গে নির্ভরযোগ্য তথ্য-উপাত্ত ও অর্থনৈতিক বাস্তবতার ভিত্তিতে মজুরি নির্ধারণের পরামর্শ দিয়েছে সংস্থাটি। চলমান শ্রমিক অসন্তোষ ও শিল্পের অস্থিরতা নিরসনে সরকার, মালিক ও শ্রমিক প্রতিনিধিদের মধ্যে ধারাবাহিক আলোচনার ওপরও গুরুত্ব দিয়েছে তারা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঢাকায় প্রকাশিত এক বিবৃতিতে আইএলও জানায়, বাংলাদেশের তৈরি পোশাক খাতের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণ এবং চলমান অস্থিরতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে সংস্থাটি। মজুরি নির্ধারণে নিম্নতম মজুরি বোর্ড গঠনের সরকারি উদ্যোগকে স্বাগত জানিয়ে আইএলও বলেছে, এ প্রক্রিয়ার গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে মালিক ও শ্রমিক প্রতিনিধিদের অংশগ্রহণ জরুরি। সংস্থাটির মতে, আইএলওর ন্যূনতম মজুরি নির্ধারণ কনভেনশন-১৩১ অনুযায়ী শ্রমিক ও তাঁদের পরিবারের প্রয়োজন, জীবনযাত্রার ব্যয়, মূল্যস্ফীতি, উৎপাদনশীলতা, কর্মসংস্থান এবং শিল্পপ্রতিষ্ঠানের টেকসই সক্ষমতা বিবেচনায় নিয়ে স্বচ্ছ ও তথ্যভিত্তিক সিদ্ধান্ত নিতে হবে।
বিবৃতিতে পোশাক খাতে সহিংসতা, ভাঙচুর ও উৎপাদন ব্যাহত হওয়ার ঘটনায় উদ্বেগ জানিয়ে সব পক্ষকে সংলাপ ও শান্তিপূর্ণ পন্থা অনুসরণের আহ্বান জানিয়েছে আইএলও। শ্রমিকদের সংগঠন করার স্বাধীনতা, যৌথ দর-কষাকষির অধিকার এবং সুস্থ শিল্পসম্পর্ক বজায় রাখার ওপরও জোর দিয়েছে সংস্থাটি। পাশাপাশি আন্তর্জাতিক ক্রেতাসহ পুরো সরবরাহব্যবস্থার অংশীজনদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে তারা। বাংলাদেশের মজুরি নীতি শক্তিশালী করতে সরকার, মালিক ও শ্রমিক সংগঠনগুলোকে কারিগরি সহায়তা দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছে আইএলও।
স্বদেশ প্রতিদিন/এস পি