প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৬:১৫ পিএম

সংগৃহীত ছবি
ভারতের কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের হয়ে চলচ্চিত্র তারকাদের ওপর নজরদারি এবং তাদের ছবি ও চলাচলের তথ্য সরবরাহের অভিযোগে ২৭ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করেছে কেরালা পুলিশ। পুলিশের দাবি, মুম্বাইয়ে ফটোগ্রাফার হিসেবে কাজ করার সময় তারকাদের ছবি তুলে গ্যাংয়ের সন্দেহভাজন সদস্যদের কাছে পাঠাতেন তিনি। এ কাজের বিনিময়ে তার স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্টে অর্থ পাঠানো হতো।
গ্রেফতার যুবকের নাম গুরুমূর্তি। তিনি ভারতের তামিলনাড়ু রাজ্যের বাসিন্দা। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে পালাক্কাদ জেলার ওট্টাপালাম এলাকা থেকে ত্রিশুর সিটি পুলিশের একটি বিশেষ দল তাকে গ্রেফতার করে। গত কয়েক মাস ধরে ওই এলাকার একটি দুধের বুথে কাজ করছিলেন তিনি।
পুলিশ জানায়, ওট্টাপালামে যাওয়ার আগে মহারাষ্ট্রের নাভি মুম্বাইয়ের ভারত খণ্ডিভেল্লি ওয়েস্ট এলাকায় বসবাস করতেন গুরুমূর্তি।
বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন কেরালায় আত্মগোপনে রয়েছেন, এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ত্রিশুর ইস্ট থানায় বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইনের ১৮ ধারায় মামলা করা হয়। এ ধারায় সন্ত্রাসী কর্মকাণ্ডের ষড়যন্ত্র, চেষ্টা ও সহায়তার বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। পুলিশের ভাষ্য, গ্যাংটি একাধিক হত্যা ও চাঁদাবাজির ঘটনায় জড়িত এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকি।
তদন্তকারীদের দাবি, মুম্বাইয়ে ফটোগ্রাফার হিসেবে কাজ করার সময় গুরুমূর্তি চলচ্চিত্র তারকাদের ছবি তোলার পাশাপাশি তাদের চলাচলের ওপর নজর রাখতেন। পরে সংগৃহীত ছবি ও তথ্য বিদেশে অবস্থানরত বিষ্ণোই গ্যাংয়ের সদস্যদের কাছে পাঠাতেন তিনি।
শুক্রবার আদালত গুরুমূর্তিকে পুলিশি হেফাজতে রাখার অনুমতি দিয়েছেন। তদন্তের অংশ হিসেবে তাকে তামিলনাড়ুর উদুমালপেটে নেওয়ার পরিকল্পনা করছেন তদন্তকারীরা। সেখানে তার স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা করা হবে।
এদিকে তদন্তে সহায়তার জন্য কেরালা অ্যান্টি-টেররিস্ট স্কোয়াডের সহযোগিতা চেয়েছে পুলিশ। গ্রেফতারের বিষয়ে কেন্দ্রীয় সংস্থাগুলোকেও তথ্য জানানো হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা। সূত্র: ইন্ডিয়া টুডে