
সংগৃহীত ছবি
কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংরক্ষিত নারী সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় পেট্রোল বোমা হামলা বা নাশকতার কোনো সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। প্রাথমিকভাবে বাড়িটির বৈদ্যুতিক সংযোগের ত্রুটি থেকে শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আগুনের প্রকৃত কারণ নিশ্চিত করা যাচ্ছে না।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের চতুর্থ দিনের কার্যক্রমে পয়েন্ট অব অর্ডারে দেওয়া বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব তথ্য জানান। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একজন সংসদ সদস্যের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। সরকার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ অনুসন্ধানে বিজিবি, ফায়ার সার্ভিস, পুলিশ ও সিভিল প্রশাসনের সমন্বয়ে একটি যৌথ তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।
ঘটনার বিবরণ দিতে গিয়ে তিনি জানান, ১২ নভেম্বর রাত ১২টা ২০ মিনিটের দিকে সীমান্ত থেকে প্রায় ৭ দশমিক ৪ কিলোমিটার দূরে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগুয়ান গ্রামে সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুন লাগে।
আগুনের সূত্রপাত হয় একটি টিনশেড আধা-পাকা ঘরে। ওই ঘর থেকে প্রায় ২০ মিটার দূরে একটি তিনতলা ভবনে বসবাস করেন সংসদ সদস্যের বাবা-মা। তবে অগ্নিকাণ্ডের শিকার টিনশেড ঘরটিতে কেউ বসবাস করতেন না। সেখানে দুটি ছাগল ও কিছু আসবাবপত্র রাখা ছিল। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই পার্শ্ববর্তী থানা থেকে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠানো হয় এবং দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পরে অতিরিক্ত পুলিশ সুপার, সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), পুলিশ সুপার (এসপি) ও বিজিবির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
প্রাথমিক তদন্তের তথ্য তুলে ধরে তিনি বলেন, স্থানীয় বাসিন্দা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলা এবং ঘটনাস্থলের বিভিন্ন আলামত পরীক্ষা করে পেট্রোল বোমা ব্যবহারের কোনো প্রমাণ পাওয়া যায়নি। আগুন লাগার সময় বিস্ফোরণের মতো কোনো শব্দ শোনা যায়নি। দেয়ালেও পেট্রোল বোমা নিক্ষেপের কোনো চিহ্ন পাওয়া যায়নি। এমনকি কোনো প্রত্যক্ষদর্শীও এ ধরনের ঘটনার কথা জানাননি।
তিনি আরও বলেন, ঘটনাস্থলের ছবি, দেয়াল ও অন্যান্য আলামত পর্যালোচনায় দেখা গেছে, বাড়িটি বেশ পুরোনো এবং এর বৈদ্যুতিক সংযোগ ব্যবস্থাও দুর্বল ছিল। এসব কারণে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তদন্তের চূড়ান্ত প্রতিবেদন পাওয়ার পরই বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, পরিত্যক্ত ওই বাড়িতে কেয়ারটেকারের জুতা তৈরির কিছু সরঞ্জাম ও কাপড় রাখা ছিল। আগুনে সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে দুটি ছাগলেরও মৃত্যু হয়েছে।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় ইতোমধ্যে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত অব্যাহত রেখেছে। অগ্নিকাণ্ডের পেছনে নাশকতার সংশ্লিষ্টতা থাকলে এবং তদন্তে তা প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সংসদকে আশ্বস্ত করেন স্বরাষ্ট্রমন্ত্রী।