প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৪:২৮ পিএম

শীতের শুরুতেই সর্দি-কাশি, ইনফ্লুয়েঞ্জা ও শ্বাসতন্ত্রের সংক্রমণের ঝুঁকি বাড়ে। পাশাপাশি কমে বাতাসের আর্দ্রতা, ফলে ত্বক হয়ে পড়ে শুষ্ক। এ সময় শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা, হাড় ও পেশির স্বাস্থ্য এবং কর্মক্ষমতা ঠিক রাখতে সুষম খাদ্যাভ্যাস জরুরি। বিশেষজ্ঞদের মতে, কৃত্রিম সাপ্লিমেন্টের ওপর নির্ভর না করে প্রতিদিনের খাবার থেকেই প্রয়োজনীয় পুষ্টি উপাদান গ্রহণ করা ভালো।
শীতে সুস্থ থাকতে খাদ্যতালিকায় গুরুত্ব দিতে হবে ছয়টি পুষ্টি উপাদানে। এগুলো হলো ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন বি৬, জিঙ্ক ও আয়রন। ওমেগা-৩ পাওয়া যায় ইলিশসহ তৈলাক্ত মাছ, তিসি ও চিয়া বীজ, আখরোটে। ভিটামিন সি-এর ভালো উৎস আমলকী, পেয়ারা, লেবু, কমলা, পেঁপে ও টমেটো। ডিমের কুসুম, তৈলাক্ত মাছ ও ভিটামিন ডি যুক্ত দুধে রয়েছে ভিটামিন ডি। কলা, আলু, ছোলা, মাছ, মুরগির মাংস ও বাদামে পাওয়া যায় ভিটামিন বি৬। মাছ, মাংস, ডিম, দুধ, ডাল ও কুমড়ার বীজ জিঙ্কের উৎস। আর আয়রনের জন্য খাদ্যতালিকায় রাখা যেতে পারে গরু ও খাসির মাংস, কলিজা, মাছ, ডাল ও সবুজ শাকসবজি।
তবে কোনো একটি পুষ্টি উপাদান একাই সব রোগ থেকে সুরক্ষা দিতে পারে না। তাই প্রতিদিনের খাবারে মাছ, ডিম, ডাল, শাকসবজি, ফলমূল, বাদাম ও গোটা শস্যের বৈচিত্র্য রাখা প্রয়োজন। পাশাপাশি পর্যাপ্ত পানি পান, নিয়মিত শরীরচর্চা ও পর্যাপ্ত ঘুমও জরুরি। শরীরে পুষ্টির ঘাটতি বা রক্তস্বল্পতার লক্ষণ দেখা দিলে নিজে থেকে সাপ্লিমেন্ট না খেয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
স্বদেশ প্রতিদিন/এস পি