প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ১২:২১ পিএম

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, বেতন-মজুরি না বাড়ানো এবং জনকল্যাণ খাতে সরকারি ব্যয় কমানোর প্রস্তাবের প্রতিবাদে ফ্রান্সজুড়ে বিক্ষোভে এক দিনে ৫৩ পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ছাড়া অগ্নিকাণ্ড ও সরকারি সম্পত্তির ক্ষয়ক্ষতির ঘটনায় ৪৪৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, বিক্ষোভে ৮৬টি অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটেছে।
বিক্ষোভে অংশগ্রহণকারীর সংখ্যা নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ট্রেড ইউনিয়ন সংগঠন সিজিটির হিসাবে পার্থক্য রয়েছে। মন্ত্রণালয়ের হিসাবে, দেশজুড়ে ছয় লাখের বেশি মানুষ বিক্ষোভে অংশ নেন। অন্যদিকে সিজিটির দাবি, ২০০টির বেশি স্থানে আয়োজিত কর্মসূচিতে অংশ নেন প্রায় ১৬ লাখ মানুষ। এর মধ্যে শুধু রাজধানী প্যারিসেই ছিলেন সাড়ে তিন লাখ। শিক্ষার্থী ও শিক্ষকদের আন্দোলন দিয়ে গত সেপ্টেম্বরের মাঝামাঝি এ বিক্ষোভ শুরু হলেও পরে এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যুক্ত হন।
সিজিটির মহাসচিব সোফি বিনে বলেন, ‘জ্বালানি, খাদ্যপণ্য, বাসা ভাড়া, গ্যাস, বিদ্যুৎ—সবকিছুর দাম বৃদ্ধি পাচ্ছে, বাড়ছে না কেবল মজুরি-পেনশন। সরকারকে অবশ্যই পদক্ষেপ নিতে হবে, নইলে আমাদের থামানো যাবে না।’ তিনি শ্রমিক-পেশাজীবীদের মজুরি বৃদ্ধি এবং ন্যূনতম মজুরি ১০ শতাংশ বাড়ানোর দাবি জানান। এদিকে আগামী ৯ নভেম্বর ট্রেড ইউনিয়ন ও নিয়োগকর্তা সংগঠনগুলোর সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু।
স্বদেশ প্রতিদিন/এস পি