প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ৬:৪৪ পিএম

সংগৃহীত ছবি
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার নতুন ব্রিজ থেকে কোড়ালিয়া লঞ্চঘাট পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে ছোট-বড় অসংখ্য খানাখন্দ। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কটির বিভিন্ন অংশে উঠে গেছে পিচঢালাই, তৈরি হয়েছে বড় বড় গর্ত। এতে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছেন হাজারো মানুষ। সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে মোটরসাইকেল, অটোরিকশা ও ইজিবাইক চালকসহ শিক্ষার্থীদের। দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
উপজেলার নতুন ব্রিজসংলগ্ন এলাকা থেকে কোড়ালিয়া লঞ্চঘাট পর্যন্ত বিস্তৃত এ সড়কটি রাঙ্গাবালীর মানুষের যাতায়াতের অন্যতম প্রধান যোগাযোগপথ। এ পথ দিয়েই পার্শ্ববর্তী গলাচিপা, জেলা শহর পটুয়াখালীসহ রাজধানী ঢাকায় যাতায়াত করেন উপজেলার বিভিন্ন এলাকার মানুষ। কিন্তু দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে সড়কটির বিভিন্ন স্থানে পিচঢালাই উঠে গিয়ে তৈরি হয়েছে অসংখ্য গর্ত ও খানাখন্দ। কোথাও কোথাও ভেঙে গেছে সড়কের অংশবিশেষ।
সড়কের এমন বেহাল অবস্থায় প্রতিনিয়ত ভোগান্তিতে পড়ছেন যানবাহন চালক ও যাত্রীরা। বিশেষ করে খানাখন্দ এড়িয়ে চলতে গিয়ে মোটরসাইকেল, অটোরিকশা ও ইজিবাইক চালকদের নিয়ন্ত্রণ হারানোর ঝুঁকি তৈরি হচ্ছে। স্থানীয়দের দাবি, সড়কটির বিভিন্ন স্থানে চলাচল করতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন চালক ও যাত্রীরা। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াতের সময় দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষার্থীদেরও।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে সড়কটির সংস্কার না হওয়ায় দিন দিন চলাচল কঠিন হয়ে পড়ছে। প্রতিদিন জরুরি প্রয়োজনে এ সড়ক ব্যবহার করতে গিয়ে ঝুঁকির মুখে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। তাই সাময়িক মেরামতের পাশাপাশি পুরো সড়কটি দ্রুত সংস্কার করে নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করার দাবি জানিয়েছেন তাঁরা।
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রকৌশলী জামিল আফতাব জানান, সড়কটির সংস্কারের জন্য টেন্ডার প্রক্রিয়া চলমান রয়েছে। মূল সংস্কারকাজ শুরু হওয়ার আগেই ম্যাটেরিয়ালস ও বিটুমিন দিয়ে পৃথকভাবে লোক নিয়োগ করে সড়কের খানাখন্দ মেরামতের উদ্যোগ নেওয়া হবে।