প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ৬:২৩ পিএম

সংগৃহীত ছবি
চট্টগ্রামের আনোয়ারায় মানসম্মত ও আধুনিক শিক্ষার পরিবেশ গড়ে তোলার প্রত্যয়ে যাত্রা শুরু করতে যাচ্ছে আনোয়ারা আইডিয়াল স্কুল। উপজেলার শিক্ষাব্যবস্থার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের মেধা, মনন ও সৃজনশীলতার বিকাশে প্রতিষ্ঠানটি ইতোমধ্যে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু করেছে।
এ উপলক্ষে শুক্রবার বিকেলে আনোয়ারা সদরস্থ সিটি সেন্টারে বিদ্যালয়ের মিলনায়তনে স্থানীয় প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আনোয়ারা সমাজকল্যাণ সংস্থার সভাপতি ও বিদ্যালয়ের চেয়ারম্যান এবং চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতাল ও পার্কভিউ মেডিকেলের পরিচালক ডা. মোহাম্মদ জসীম উদ্দীনের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন সংস্থার সাধারণ সম্পাদক ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মুহাম্মদ হাবিবুল্লাহ।
সভায় বক্তব্য দেন অধ্যক্ষ আবুল হোছাইন, ডা. জুনায়েদ চৌধুরী, সাংবাদিক এম আনোয়ারুল হক, আব্দুল গফুর, এসএম ফাহিম উদ্দিন, কলিম উল্লাহ ও অ্যাডভোকেট মোহাম্মদ কায়সারসহ অন্যরা।
সভাপতির বক্তব্যে ডা. মোহাম্মদ জসীম উদ্দীন বলেন, শিক্ষার্থীদের মেধা, মনন, নৈতিকতা ও সৃজনশীলতার বিকাশ ঘটিয়ে আনোয়ারা আইডিয়াল স্কুলকে একটি মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলাই তাঁদের মূল লক্ষ্য। নতুন প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করার সামাজিক দায়বদ্ধতা থেকেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম, পাঠদান পদ্ধতি, শিক্ষার পরিবেশ ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে গণমাধ্যমকর্মীদের অবহিত করার পাশাপাশি তাঁদের মূল্যবান মতামত ও পরামর্শ গ্রহণের জন্য এ মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। প্রতিষ্ঠানটির অগ্রযাত্রায় তিনি সাংবাদিকসহ সবার সহযোগিতা কামনা করেন।
সভায় সিটি সেন্টারের মালিক এসএম জাহাঙ্গীর আলমসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।