প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ৬:১৮ পিএম

সংগৃহীত ছবি
নরসিংদীতে আব্দুল্লাহ ওরফে বাবু হত্যা মামলার পলাতক প্রধান আসামি আবু লালকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার দেওয়া তথ্য ও দেখানো মতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও আট রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) দুপুর ১২টায় নরসিংদী মডেল থানার হলরুমে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মো. আশিকুর রহমান।
তিনি জানান, শনিবার হবিগঞ্জের মাধবপুর থানা এলাকায় অভিযান চালিয়ে আবু লালকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ। তিনি এ হত্যা মামলার প্রধান আসামি ও চিহ্নিত সন্ত্রাসী হিসেবে পুলিশের তালিকাভুক্ত ছিলেন।
পুলিশ জানায়, গত ২ অক্টোবর আব্দুল্লাহ ওরফে বাবু হত্যাকাণ্ডের ঘটনায় নরসিংদী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। ঘটনার পর থেকেই প্রধান আসামি আবু লাল আত্মগোপনে ছিলেন। তাকে গ্রেপ্তারে নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া ও ঢাকার বিভিন্ন এলাকায় একাধিকবার অভিযান চালানো হয়। তবে বারবার অবস্থান পরিবর্তন করায় এতদিন তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
সর্বশেষ পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ-আল-ফারুকের নির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশ ও নরসিংদী মডেল থানা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে হবিগঞ্জের মাধবপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্য ও দেখানো মতে হত্যাকাণ্ডে ব্যবহৃত বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও আট রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজীব শাহরিন, নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এআরএম আল মামুন এবং জেলা গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার আবু লালকে আদালতে সোপর্দ করা হবে। এ ঘটনায় জড়িত অন্য পলাতক আসামিদের গ্রেপ্তারেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।