প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ১২:৫০ পিএম আপডেট: ০৭.১১.২০২৬ ১২:৫৫ PM

ইউক্রেনের রাজধানী কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে আবাসিক ভবন ও একটি কিন্ডারগার্টেন থাকা ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত হয়েছেন অন্তত দুজন। শনিবার (৭ নভেম্বর) এ হামলার আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক করে বলেছিলেন, জ্বালানি স্থাপনা, সেতু ও অন্যান্য অবকাঠামো লক্ষ্য করে নতুন হামলার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। খবর আলজাজিরার।
কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎসকো জানান, ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ রাজধানীর পশ্চিমাঞ্চলে পাঁচতলা একটি আবাসিক ভবনে আঘাত হানে। এতে ভবনটির ক্ষতি হয়। অন্য একটি আবাসিক ভবনের সামনের অংশও ক্ষতিগ্রস্ত হয়েছে। কিয়েভের সামরিক প্রশাসন জানিয়েছে, হামলায় দুজন আহত হয়েছেন। হামলার কয়েক ঘণ্টা পরও নতুন হামলার আশঙ্কায় বাসিন্দাদের সতর্ক করা হচ্ছিল।
এদিকে যুদ্ধ-পরবর্তী নিরাপত্তা নিশ্চয়তা ও পুনর্গঠন নিয়ে পশ্চিমা মিত্রদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে ইউক্রেন। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ বন্ধে আলোচনাও শুরু হওয়ার কথা রয়েছে। আগামী সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে এ বৈঠক হওয়ার কথা। এর আগে বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিশেষ দূত কিরিল দিমিত্রিয়েভের সঙ্গে বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শিগগিরই চুক্তি হতে পারে।
স্বদেশ প্রতিদিন/এস পি