বৃহস্পতিবার ● ৫ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● শ্রমিক অসন্তোষের নেপথ্যে পরিকল্পিত ষড়যন্ত্রের অভিযোগ ব্যবসায়ীদের      ● সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার নিয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত      ● কালুখালীতে নতুন কুঁড়ি স্পোর্টস’র উদ্বোধন      ● শ্রমিক আন্দোলনে পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ৮      ● ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪ ঘন্টায় ডিএমপির ২০৮৮ মামলা      ● ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা      ● প্রেম গুঞ্জনে বিরক্ত স্বস্তিকা দত্ত      ● রমজানের প্রস্তুতি: ১০০ দিন আগ থেকেই যেসব কাজ শুরু করতে হবে      ● সুহাইলের জোড়া গোলে পাকিস্তানের বিপক্ষে ভারতের রোমাঞ্চকর জয়      ● পেঁয়াজ কাটলেই চোখে পানি আসে কেন      ● প্রতিদিনের ৫ অভ্যাসেই ক্ষতি হচ্ছে মেরুদণ্ডের!      ● ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেল ওমান      
শ্রমিক অসন্তোষের নেপথ্যে পরিকল্পিত ষড়যন্ত্রের অভিযোগ ব্যবসায়ীদের
শাহীন ভূঁইয়া স্বপন
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৮:২৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জে গার্মেন্টস শিল্পে চলমান শ্রমিক অসন্তোষকে স্বাভাবিক শ্রমিক আন্দোলন হিসেবে দেখছেন না স্থানীয় ব্যবসায়ী নেতারা। তাদের দাবি, শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে দেশের তৈরি পোশাক শিল্পকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে। একই সঙ্গে মালিকদের ওপর বিভিন্ন ধরনের আর্থিক চাপ ও হয়রানির বিষয় তুলে ধরে সংকট নিরসনে ব্যবসায়ী সংগঠনগুলোর আরও কার্যকর ভূমিকার দাবি জানিয়েছেন তারা।

আজ বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে জেলার চলমান শ্রমিক অসন্তোষ নিয়ে জাতীয় ও স্থানীয় ব্যবসায়ী সংগঠনের নেতাদের অংশগ্রহণে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা উঠে আসে।

সভায় সভাপতির বক্তব্যে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু বলেন, প্রতি তিন বছর পরপর মজুরি বোর্ড গঠন করা হয়। এবারও নির্ধারিত সময়ে মজুরি বোর্ড হয়েছে এবং বোর্ডের সিদ্ধান্ত গার্মেন্টস মালিকরা মেনে নেন। তাই এ নিয়ে সংকট তৈরির যৌক্তিকতা নেই। তার মতে, গার্মেন্টস শিল্পকে ধ্বংস এবং সরকারকে বেকায়দায় ফেলতেই পরিকল্পিতভাবে এ পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে।

তিনি বলেন, ‘এটা কোনো শ্রমিকের আন্দোলন না। ৩০ হাজার টাকা বেতন কোনো দাবি না। বাংলাদেশের গার্মেন্টস শিল্পকে ধ্বংস করার জন্য, সরকারকে বেকায়দায় ফেলার জন্য সকলে মিলে চেষ্টা করছে।’ তিনি আরও বলেন, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকার। দেশের গণতন্ত্র ও গার্মেন্টস শিল্প ধ্বংসের চেষ্টা অতীতেও হয়েছে। তবে বাংলাদেশের মানুষ এখন সচেতন। দেশকে পিছিয়ে নেওয়ার চেষ্টা সফল হবে না। এ পরিস্থিতিতে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

নারায়ণগঞ্জের গার্মেন্টস পরিস্থিতি তুলে ধরে দিপু বলেন, জেলায় পাঁচ শতাধিক গার্মেন্টস চালু রয়েছে। এর মধ্যে মাত্র ১২ থেকে ১৩টি প্রতিষ্ঠানে সমস্যা দেখা দিয়েছে। তার দাবি, আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের প্রায় ৯০ শতাংশ কোনো গার্মেন্টসের শ্রমিক নন। পরিকল্পিতভাবে একটি নির্দিষ্ট এলাকায় সড়ক অবরোধের উদ্দেশ্যে এ অসন্তোষ তৈরি করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তবে নারায়ণগঞ্জের মানুষের সম্মিলিত অবস্থানের কারণে বড় ধরনের কোনো সমস্যা সৃষ্টি করা সম্ভব হয়নি বলে মন্তব্য করেন তিনি।

বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও দেশের স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। বাংলাদেশ সবার দেশ, তাই দেশের ক্ষতি হয় এমন কোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকার পাশাপাশি সরকারকে কাজ করার সুযোগ দেওয়ার আহ্বান জানান তিনি।

সভায় ব্যবসায়ীদের আর্থিক সংকট ও বিভিন্ন পর্যায়ে অতিরিক্ত অর্থ ব্যয়ের বিষয়টি তুলে ধরেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি ও মডেল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদুজ্জামান মাসুদ।

তিনি বলেন, ব্যবসায়ীদের কাছ থেকে বিভিন্ন পর্যায়ে অর্থ আদায় বন্ধ করা গেলে শ্রমিকদের ৩০ হাজার টাকা নয়, প্রয়োজনে ৪০ হাজার টাকা পর্যন্ত বেতন দেওয়া সম্ভব। এ জন্য ব্যবসায়ীদের ওয়ান স্টপ সার্ভিস নিশ্চিত করার দাবি জানান তিনি।

মাসুদুজ্জামান বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী, জন্মদিন, কাস্টমসসহ বিভিন্ন দপ্তরে কাজ করতে গিয়ে ব্যবসায়ীদের নানা অজুহাতে অর্থ ব্যয় করতে হয়। কাগজপত্র যেখানে প্রয়োজন, সেখানেই টাকা দিতে হয়। বছরে কোটি কোটি টাকা এভাবে ব্যয় করতে গিয়ে মালিকদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এসব অর্থ শ্রমিকদের কল্যাণে ব্যয় করা সম্ভব হলে শ্রমিকদের বেতন-ভাতা আরও বাড়ানো যেত।

বিজিএমইএ ও বিকেএমইএর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তার বক্তব্য, সংগঠন দুটির বিপুল পরিমাণ অর্থ এফডিআর করে রাখা থাকলেও শিল্পের সংকটকালে শ্রমিক ও মালিকদের সহযোগিতায় কার্যকর ভূমিকা দেখা যাচ্ছে না। সংকটের সময় সংগঠনগুলোর আরও দায়িত্বশীল ও সক্রিয় হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

রাজনৈতিক দলগুলোর ভূমিকা নিয়েও হতাশা প্রকাশ করেন মাসুদুজ্জামান। তিনি বলেন, চলমান পরিস্থিতিতে বিরোধী দলের পাশাপাশি এনসিপি ও জামায়াতে ইসলামীর ভূমিকা ব্যবসায়ীদের কাছে প্রশ্নবিদ্ধ, রহস্যজনক ও হতাশাজনক মনে হয়েছে। দেশের সমস্যা সমাধানে রাজনৈতিক দল, ব্যবসায়ী ও সংশ্লিষ্ট সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও বিকেএমইএর সহসভাপতি মোর্শেদ সারোয়ার সোহলে, চেম্বারের সহসভাপতি আবু জাফর, পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধূরী, সোহেল আক্তার, গোলাম সারোয়ার সাঈদ, আহমেদুর রহমান তনুসহ মজিবুর রহমান এবং বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close