প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ৪:১৩ পিএম

নরসিংদীর শিবপুরে গভীর রাতে অবৈধভাবে কৃষিজমির (টপ সয়েল) উপরিভাগের মাটি কাটার দায়ে নগদ এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) দিবাগত রাত ১টা ৩০ মিনিটে উপজেলার যশোর ইউনিয়নের সৃষ্টিঘর এলাকায় অবৈধভাবে টিলা ও কৃষিজমির উপরিভাগের মাটি (টপ সয়েল) কাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এসময় অভিযানকালে পারভেজ নামে একজনকে আটক করা হয় এবং বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪ ধারা লঙ্ঘন করে অবৈধভাবে টিলা-টপ সয়েল কাটার অপরাধে একই আইনের ১৫(১) ধারা অনুযায়ী ১,০০,০০০ (এক লাখ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ সময় মাটি কাটার কাজে ব্যবহৃত ০৪টি ড্রাম ট্রাক ও ০১টি ভেকু মেশিন জব্দ করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিউর রহমান।
তিনি জানান জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়ার নির্দেশনা ও ইউএনও মোছাঃ ফারজানা ইয়াসমিন এর তত্ত্বাবধানে শিবপুরে কৃষিজমি, পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় অবৈধ মাটি কাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান ও আইনানুগ কার্যক্রম চলছে এবং তা অব্যাহত থাকবে।
স্বদেশ প্রতিদিন/এস পি