প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ৪:৪৬ পিএম

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে দ্বিতীয়বারের মতো ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন গাজীপুরের কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা। শনিবার (৩১ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকায় তাঁরা সড়কে অবস্থান নেন। এ সময় মাটিভর্তি বস্তা, কাঠ ও বাঁশ ফেলে আগুন ধরিয়ে দেন শ্রমিকরা। এতে মহাসড়কের প্রায় সাত কিলোমিটার অংশে যান চলাচল বন্ধ হয়ে যায়। উভয় পাশে আটকে পড়ে যানবাহন, ভোগান্তিতে পড়েন হাজারো মানুষ।
শ্রমিকদের ভাষ্য, বেতন-ভাতা বাড়ানোর দাবিতে কয়েক দিন ধরে কারখানা কর্তৃপক্ষের কাছে আবেদন জানালেও কোনো সিদ্ধান্ত না আসায় তাঁরা কর্মবিরতি শুরু করেন। পরে আন্দোলনে নেমে সড়ক অবরোধ করেন। এর আগে সকালে শ্রমিকদের ভাঙচুর ও অস্থিতিশীল পরিস্থিতি এড়াতে সচেতনতামূলক সভা করেন সড়ক পরিবহন ও শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর খান। সভা শেষ হওয়ার পরপরই শ্রমিকরা সড়কে নেমে অবরোধ শুরু করেন।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, শ্রমিকদের শান্ত করতে পুলিশ ঘটনাস্থলে রয়েছে। শিল্প পুলিশও সেখানে কাজ করছে। সড়ক ছেড়ে দেওয়ার জন্য শ্রমিক ও মালিকপক্ষের সঙ্গে আলোচনা চলছে।
স্বদেশ প্রতিদিন/এস পি