প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১:১০ পিএম

ঝালকাঠির রাজাপুরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার পর খালে ফেলে দেওয়া এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার দক্ষিণ কাঠীপাড়া এলাকার কদবেলতলা নামক স্থানের একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত করা হয়।
নিহত ব্যক্তির নাম মো. নুর আলম কাগজি (৩৫)। তিনি রাজাপুর উপজেলার নৌকাঠি গ্রামের আফছার কাগজির ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে দক্ষিণ কাঠীপাড়া এলাকার কদবেলতলা নামক স্থানে খালে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। পরে তাঁরা পুলিশে খবর দেন।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সিআইডিকে জানায়। সিআইডির একটি দল ঘটনাস্থলে এসে ফিঙ্গারপ্রিন্ট বা আঙুলের ছাপ সংগ্রহ করে। পরে তা বিশ্লেষণ করে নিহত নুর আলমের পরিচয় নিশ্চিত করা হয়। তাঁর শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাঁকে কুপিয়ে হত্যার পর দুর্বৃত্তরা খালে ফেলে পালিয়ে গেছে।
তবে নুর আলমকে ঠিক কী কারণে হত্যা করা হয়েছে, এই হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত কিংবা কীভাবে ঘটনাটি ঘটেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।
এ বিষয়ে রাজাপুর থানার ওসি সুজন বিশ্বাস বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। পাশাপাশি হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং জড়িত ব্যক্তিদের গ্রেফতারে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্ত শুরু হয়েছে।
স্বদেশ প্রতিদিন/এস পি