প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ৪:৪৬ পিএম

বলিউড অভিনেত্রী সারা আলি খানের কান্নার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভারতের অমৃতসরের স্বর্ণমন্দিরে প্রার্থনার সময় তাঁকে আবেগপ্রবণ হয়ে কাঁদতে দেখা যায়। ভিডিওটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা।
সারা আলি খান ও অভিনেতা আয়ুষ্মান খুরানা তাঁদের আসন্ন সিনেমা ‘উড়তা তীর’-এর প্রচারে ব্যস্ত। সিনেমাটি ২৩ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। দশেরা উপলক্ষে সিনেমার সাফল্য কামনায় দুই তারকা অমৃতসরের স্বর্ণমন্দিরে গিয়ে প্রার্থনা করেন। এ সময় সারা সাদা পোশাক এবং আয়ুষ্মান সাদা কুর্তা পরেছিলেন।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, স্বর্ণমন্দিরে গিয়ে সারা তাঁর মা অমৃতা সিংকে ভিডিও কলের মাধ্যমে মন্দিরের দৃশ্য দেখাতে চেয়েছিলেন। কিন্তু সেখানে মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা থাকায় তা সম্ভব হয়নি। এরপরই তাঁকে কান্নায় ভেঙে পড়তে দেখা যায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা। কেউ সারার আবেগের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন, আবার কেউ তাঁর প্রতিক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন। স্বর্ণমন্দির পরিদর্শনের পর আয়ুষ্মান খুরানার সঙ্গে তোলা একটি ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন সারা।
স্বদেশ প্রতিদিন/এস পি